ইরানে হামলা চালিয়েছে ইজ়রায়েল এবং আমেরিকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইজ়রায়েল সফরের পরেই ওই হামলা চালানো হয়েছে। তাহলে কি প্রধানমন্ত্রীর (Prime Minister Narendra Modi ) সফরের সময়েই হামলার ছক কষা হয়েছিল? এই নিয়ে প্রশ্ন ওঠার পরে জবাব দিয়েছেন ভারতে নিযুক্ত ইজ়রায়েলের রাষ্ট্রদূত রিউভান আজ়ার (Reuven Azar)। তিনি জানিয়েছেন, মোদীর সফরের সময়ে ইরান আক্রমণ করার সিদ্ধান্ত নেয়নি ইজ়রায়েল সরকার। ভারতের প্রধানমন্ত্রী ফিরে আসার পরেই ইরানে হামলার সিদ্ধান্ত নেয় বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার (Benjamin Netanyahu)।
উল্লেখ্য, গত বুধবার দু’দিনের সফরে ইজ়রায়েলে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। দুই দেশের মধ্যে একাধিক বিষয়ে চুক্তিও হয়। তার পরে গত শনিবার ইরানে যৌথ হামলা চালায় ইজ়রায়েল (Israel) এবং আমেরিকা (United States)। হামলায় মৃত্যু হয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই ((Ayatollah Ali Khamenei)-সহ অনেকের।
এর পরেই ইজ়রায়েলের বেইট শেমসে হামলা চালিয়েছিল ইরান। তাতে মৃত্যু হয়েছিল ৯ জনের। ঘটনার পরেই নেতানিয়াহুকে ফোন করে ভারতের প্রধানমন্ত্রী ইজ়রায়েলের পাশে থাকার বার্তা দিয়েছিলেন।
তবে, খামেনেইয়ের মৃত্যু নিয়ে কোনও কথা বলেননি ভারতের প্রধানমন্ত্রী।
এই নিয়ে তাঁকে কটাক্ষ করেছিলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী (Sonia Gandhi)। তার পরেই ওই হামলার ছক নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। তারই জবাব দিয়েছেন ভারতে নিযুক্ত ইজ়রায়েলের রাষ্ট্রদূত।
একটি সর্বভারতীয় সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, মোদীর সফরকালীন ইরান আক্রমণ করার সিদ্ধান্ত নেয়নি ইজ়রায়েল সরকার। তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী ইজ়রায়েল ছাড়ার দু’দিন পরে ওই হামলার সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ়ার জানিয়েছেন, ইরান আক্রমণ করার বিষয়টি নিয়ে ইজ়রায়েল এবং ভারতের মধ্যে কোনও কথাও হয়নি। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আঞ্চলিক নানা বিষয়ে আমাদের কথাবর্তা হয়েছে। তবে মোদী ইজ়রায়েল থেকে চলে আসার পরে আমাদের কাছে একটা সামরিক সুযোগ এসেছিল। আমরা নিজেরাই তা জানতাম না।’
তাঁর দাবি, ইরানে হামলা চালানোর বিষয়টি শনিবার অনুমোদন করে ইজ়রায়েলের মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি (security cabinet)। উপযুক্ত সময় বিবেচনা করেই ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন রিউভান আজ়ার।