গায়ে রং দিয়েছিল, এই হলো নাতির অপরাধ! তাতেই রেগে গিয়ে নাতির গায়ে ফুটন্ত গরম জল (Boiling Hot Water) ঢেলে দিলেন ঠাকুমা! হোলির (Holi Festival) দিন শিউরে ওঠা ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরের (Nagpur) কোরাডি এলাকায়। ফুটন্ত গরম জল ঢালায় শিশু গা সাংঘাতিক পুড়ে গিয়েছে।
গোটা ঘটনা সিসিটিভিতে (CCTV) ধরা পড়েছে। পুলিশ জানিয়েছে, গত ৩ মার্চ কোরাডি এলাকার আরামশিনে ঘটেছে ঘটনাটি। চার বছরের শিশু ওম হরিশ ওয়াঙ্গে হোলির দিন রং খেলছিল। তার হাতে ছিল রং ভর্তি পিচকারি। মজার ছলেই নিজের ঠাকুমার গায়ে রং দেয় সে। আর তাতেই ক্ষিপ্ত হন সিন্ধু ঠাকরে নামে ওই মহিলা। তাঁর হাতে ফুটন্ত গরম জল ভর্তি একটি বালতি ছিল। সেই জলই ওই শিশুর গায়ে ছুড়ে দেন তিনি। এমনটাই অভিযোগ। সিসিটিভি ফুটেজে তা দেখাও যাচ্ছে। (তবে ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় অনলাইন)
গায়ে গরম জল পড়তেই যন্ত্রণায় ছটফট করতে থাকে শিশুটি। কাঁদতেও থাকে। ওমের পরিবারের লোকজন তাকে নাগপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। তার চিকিৎসাও শুরু হয়। ওমের কোমড়ের নীচে থেকে পা পর্যন্ত অনেকটাই অংশ পুড়ে গিয়েছে। চিকিৎসকরা মনে করছেন, তার দেহের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি সিন্ধু ঠাকরের নামে। নিজের নাতির সঙ্গে এমন আচরণ কীভাবে করলেন ঠাকুমা, তা নিয়ে প্রশ্ন উঠছে।