• নৌকো ভ্রমণে বেরিয়ে গঙ্গায় তলিয়ে গেল দুই তরুণ
    এই সময় | ০৫ মার্চ ২০২৬
  • এই সময়, বলাগড়: দোলের (Holi Festival) দিন নৌকো ভ্রমণে বেরিয়ে গঙ্গায় তলিয়ে গেল দুই তরুণ। ঘটনাটি ঘটেছে, গত মঙ্গলবার বলাগড় থানার ডুমুরদহে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা (Disaster Management) গঙ্গায় তল্লাশি চালালেও বুধবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ দুই তরুণের সন্ধান মেলেনি। পুলিশ জানিয়েছে, নিখোঁজদের মধ্যে রয়েছেন সায়ক বন্দ্যোপাধ্যায় (২৩) ও শুভজিৎ মণ্ডল (২২)। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, দোলের দিন দুপুরে ডুমুরদহের মোড়লপাড়া গঙ্গার ঘাট থেকে একটি ছোটো ডিঙি নৌকো নিয়ে গঙ্গা ভ্রমণে বেরিয়েছিলেন পাঁচ যুবক। তারপরে নৌকোতেই তাঁরা একে অপরকে রং মাখাতে শুরু করেন।

    তারই মধ্যে হঠাৎ মাঝ গঙ্গায় সেই নৌকোটি উল্টে যায়। তিনজন সাঁতার কেটে নদী পাড়ে উঠে আসতে সক্ষম হলেও, দু'জন জলে তলিয়ে যায়। তাঁরা সাঁতার জানতেন না। খবর পেয়ে গ্রামের লোকজন তল্লাশি শুরু করেন। খবর যায় বলাগড় থানায়। মঙ্গলবারের পরে বুধবারও নদীতে তল্লাশি চালায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ডুবুরিও নামানো হয়। সায়ন বন্দ্যোপায়েধ্যার দাদা তন্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, 'পাঁচ বন্ধু মিলে নৌকো করে যাচ্ছিল। হঠাৎ নৌকোটি উল্টে যায়। তিনজন সাঁতার জানত, তাই তাঁরা বেঁচে যায়। বাকি দু'জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।' ডুমুরদহ নিত্যানন্দপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্যামাপ্রসাদ রায় বন্দ্যোপাধ্যায় বলেন, 'পূর্ণিমার জোয়ার থাকার কারণেই সম্ভবত নৌকোটি উল্টে যায়। দু'টি স্পিড বোট নিয়ে তল্লাশি চালানোর পাশাপাশি, লঞ্চ ও নৌকো নিয়ে তল্লাশি চলছে।'

  • Link to this news (এই সময়)