রঙের উৎসব মিটতেই রাজনৈতিক উত্তাপ ছড়াতে চলেছে মহানগরীর রাজপথে। এর জেরে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে মধ্য কলকাতার একাধিক রাস্তায়। বৃহস্পতিবার বেলা বাড়তেই কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে শুরু হবে একাধিক রাজনৈতিক মিছিল। এর জেরে বেশ কয়েকটি রাস্তায় যানজট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। কোন কোন রাস্তায় এর প্রভাব পড়তে পারে, তা ইতিমধ্যেই জানানো হয়েছে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে। দেখে নিন সেই তালিকা।
দুপুর ১২টায় একটি রাজনৈতিক মিছিল বের হবে মধ্য কলকাতা এলাকায়। এই মিছিল নির্মল চন্দ্র স্ট্রিট, রফি আহমেদ কিদোয়াই রোড এবং এসএন ব্যানার্জি রোড হয়ে যাবে। অর্থাৎ মৌলালি থেকে ধর্মতলা আসার রাস্তায় চাপ তৈরি হতে পারে।
দুপুর সাড়ে ১২টায় আরও একটি মিছিল শিয়ালদা থেকে শুরু হয়ে কলেজ স্কোয়্যার পর্যন্ত আসবে। বিদ্যাপতি সেতু, এজেসি বোস রোড, মহাত্মা গান্ধী রোড হয়ে কলেজ স্ট্রিটে ঢুকবে সেই মিছিল।
দুপুর ১টা নাগাদ রানি রাসমণি অ্যাভিনিউ হয়েও একটি মিছিল হওয়ার কথা রয়েছে। এই মিছিলে প্রায় ৫০০ থেকে ৬০০ জন উপস্থিত থাকতে পারেন বলে কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধর্মতলার স্টেটসম্যান হাউসের সামনে থেকে একটি মিছিল বেরিয়ে ডোরিয়া ক্রসিং পর্যন্ত আসবে।
দুপুর আড়াইটায় আরও একটি মিছিল শুরু হবে কলকাতায়। রফি আহমেদ কিদোয়াই রোড, এস এন ব্যানার্জি রোড হয়ে ডোরিনা ক্রসিংয়ে শেষ হবে সেই মিছিল। এর জেরে ধর্মতলার কাছে যানজটের আশঙ্কা থাকছে।
এ ছাড়া বৃহস্পতিবার বিকালে ইস্টবেঙ্গল এবং এফসি গোয়ার মধ্যে আইএসএল-এর ম্যাচ রয়েছে যুবভারতীয় ক্রীড়াঙ্গনে। এই ম্যাচ ঘিরে সমর্থকরা জড়ো হবেন সল্টলেক স্টেডিয়ামে। ওই সময় ইএম বাইপাস, বেলেঘাটা মেন রোড এবং নারকেলডাঙা মেন রোডে ট্রাফিকের চাপ বাড়বে বলে সতর্ক করেছে কলকাতা ট্রাফিক পুলিশ।