• দলের নেত্রীকে মারধরে গ্রেপ্তার বিজেপি নেতা, বারাসতে গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে
    এই সময় | ০৫ মার্চ ২০২৬
  • এই সময়, বারাসত: বিধানসভা নির্বাচনের আগে এলাকা দখলকে কেন্দ্র করে বিজেপির (Bjp) গোষ্ঠীদ্বন্দ্বের বেআব্রু চেহারা উঠে এল জেলা সদর বারাসতে। গেরুয়া শিবিরের এক মহিলা নেত্রীকে বুধবার প্রকাশ্যে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল দলেরই ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বারাসত পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বিজয়নগরে। আক্রান্ত বিজেপি নেত্রী সুভদ্রা অধিকারী চিকিৎসাধীন রয়েছেন বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে (Barasat Medical College Hospital)। অভিযুক্ত বিজেপির ওয়ার্ড সভাপতি সুদর্শন দাসকে গ্রেপ্তার করেছে বারাসত থানার পুলিশ। ধৃতকে এ দিনই বারাসত আদালতে (Barasat Court) তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

    গত পুরসভা নির্বাচনে (Municipal Elections) বারাসত পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সুভদ্রা। এলাকা দখল নিয়ে তাঁর সঙ্গে ওয়ার্ড সভাপতি সুদর্শন দাসের বিবাদ দীর্ঘদিনের। গত বিধানসভা নির্বাচনের সময়েও সুভদ্রার সঙ্গে সুদর্শনের গোলমাল সামনে এসেছিল। সুভদ্রার অভিযোগ, এ দিন সকালে তিনি ব্যক্তিগত কাজ শেষ করে বাড়ি ফেরার সময়ে সুদর্শন ও তাঁর দলবল আচমকা হামলা চালায়। বাঁশ, শিকল, লাঠি ও ধারালো কিছু দিয়ে সুভদ্রার মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। সুভদ্রা বলেন, ‘মারধরের ঘটনা নতুন নয়। একাধিকবার আমাকে চরম হেনস্থা করেছে সুদর্শন ও তার লোকজন। ওর কঠোর শাস্তি চাই।’

    স্থানীয় তৃণমূল (Tmc) কাউন্সিলার সমীর কুণ্ডু বলেন, ‘বিজেপি এখনও ক্ষমতাতেই আসেনি। তার মধ্যে এই অবস্থা। দলের একজন মহিলা নেত্রীকে নৃশংসভাবে মারধর করল ওদের দলের আর এক নেতা। এরাই আবার মহিলাদের সুরক্ষার জন্য লম্বা চওড়া ভাষণ দেয়।’ বারাসত সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি রাজীব পোদ্দার বলেন, ‘এই ঘটনা রাজনৈতিক বলে মনে হচ্ছে না। দলীয় স্তরে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

  • Link to this news (এই সময়)