আগামী ১৬ মার্চ রাজ্যসভা নির্বাচনে (Rajya Sabha Elections) ছয় জন প্রার্থীর নাম চূড়ান্ত করল কংগ্রেস (congress)। বৃহস্পতিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে চূড়ান্ত প্রার্থী তালিকায় অনুমোদন দিয়েছেন। তেলঙ্গানা থেকে দু’জন এবং ছত্তিসগড়, হরিয়ানা, হিমাচল প্রদেশ ও তামিলনাড়ু থেকে একজন করে প্রার্থীর নাম ঘোষণা করেছে AICC। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানিয়েছেন, শীর্ষ নেতৃত্বের আলোচনার পরেই চূড়ান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তেলঙ্গানা থেকে প্রবীণ আইনজীবী ও বর্তমান সাংসদ অভিষেক মনু সিঙ্ঘভি (Abhishek Singhvi) এবং ভেম নরেন্দ্র রেড্ডিকে (Vem Narender Reddy) প্রার্থী করা হয়েছে। এ ছাড়া ছত্তিসগড় থেকে ফুলো দেবী নেতাম, হরিয়ানা থেকে কর্মবীর সিং বৌধ, হিমাচল প্রদেশ থেকে অনুরাগ শর্মা এবং তামিলনাড়ু থেকে এম ক্রিস্টোফার তিলককে টিকিট দিয়েছে দল। উল্লেখ্য, অভিষেক মনু সিঙ্ঘভি বর্তমানে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির উপদেষ্টা হিসেবেও কর্মরত।
তেলঙ্গানায় যে দু’টি আসন রাজ্যসভায় ফাঁকা হচ্ছে, সেখানে কংগ্রেসের পাল্লা যথেষ্ট ভারী। অভিষেক মনু সিঙ্ঘভি এবং সুরেশ রেড্ডির মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ৯ এপ্রিল। তেলঙ্গানায় বর্তমানে কংগ্রেস সরকার ক্ষমতায় থাকায় এবং বিধানসভায় প্রয়োজনীয় বিধায়ক সংখ্যা থাকায় সিঙ্ঘভি ও নরেন্দ্র রেড্ডি—উভয় প্রার্থীরই জয়ের সম্ভাবনা প্রবল। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর ভেম নরেন্দ্র রেড্ডি দলের হাইকম্যান্ড ও মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, দেশের ১০টি রাজ্যের মোট ৩৭টি আসনে আগামী ১৬ মার্চ নির্বাচন হবে। মহারাষ্ট্রে সব থেকে বেশি, ৭টি আসনে ভোট হবে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও বিহারে ৬টি করে আসনে নির্বাচন হবে। এ ছাড়া ওডিশা (৪টি আসন), অসম (৩টি আসন), তেলঙ্গানা, হরিয়ানা ও ছত্তিসগড়ে ২টি করে এবং হিমাচল প্রদেশে ১টি আসনে ভোট নেওয়া হবে। কংগ্রেস আশাবাদী, তেলঙ্গানা ও হিমাচল প্রদেশে তারা তাদের আসন বাড়াতে পারবে।