• কড়া পাহারায় শান্তিতেই দোল: কলকাতা পুলিশ, মঙ্গল-বুধে ধৃত মোট ৬৭৭ জন
    এই সময় | ০৫ মার্চ ২০২৬
  • এই সময়: দোল ও হোলির (Holi Festival) দিনে মত্ত অবস্থায় অভব্য আচরণের অভিযোগ প্রতি বারেই উঠে আসে। তাই উন্মত্তদের বেয়াদপিতে লাগাম টানতে এ বছরও পাড়ায় পাড়ায় পুলিশের কড়া নজরদারি ছিল কলকাতা পুলিশের (Kolkata Police)। মঙ্গল-বুধবার মিলিয়ে ৬৭৭ জনকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে শহরের বিভিন্ন জায়গা থেকে প্রায় ৩৭ লিটার বেআইনি মদ উদ্ধার করেছে। লালবাজার সূত্রে জানা এই দু'দিন শহরের অলিগলিতে পিকেটিং ও মোটরবাইকে টহলদারি ছিল পুলিশের। মহিলা পুলিশও মোতায়েন ছিল।

    জোর করে রং মাখালে বা শ্লীলতাহানিতে অভিযুক্তদের বিরুদ্ধে প্রতিটি থানাকে তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। হাতেগোনা কয়েকটি ছোটখাটো ঘটনা ছাড়া 'শান্তিপূর্ণ ভাবে' কেটেছে রঙের উৎসব বলে দাবি লালবাজারের। শহরের প্রায় ৪০০টি জায়গায় পুলিশ পিকেট বসানো হয়েছিল। মঙ্গলবার খান্না মোড়, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, শ্যামবাজার-সহ ৮৬টি স্থানে বিশেষ পিকেট ছিল। ৬ জন করে পুলিশকর্মী প্রতি পিকেটে মোতায়েন ছিলেন। ৩১২টি জায়গায় পুলিশ পিকেটে তিন জন করে পুলিশকর্মী ছিলেন।

    শহরজুড়ে মোতায়েন করা হয়েছিল প্রায় চার হাজার পুলিশকর্মী। গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে জয়েন্ট ও ডেপুটি পুলিশ কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিকরা ছিলেন। বুধবার রাস্তায় হেভি রেডিয়ো ফ্লাইং স্কোয়াড মোতায়েন ছিল। ৬২টি পিসিআর ভ্যান এবং সঙ্গে কুইক রেসপন্স টিমও টহলদারি দেয়। সংকীর্ণ রাস্তাগুলিতে বাইকে করে টহল দিয়েছেন পুলিশকর্মীরা। কলকাতায় ৬৬টি বড় ও ছোট ঘাটেও ছিল নজরদারি। ২৪টি ঘাটে মোতায়েন ছিল বিপর্যয় মোকাবিলা বাহিনী। এ ছাড়াও ১০টি ডিভিশনেও মোতায়েন ছিল ডিএমজি টিম।

  • Link to this news (এই সময়)