বৃহস্পতিবার সকালেই পুরাতন মালদা পুরসভার (Malda Municipality) ৮ নম্বর ওয়ার্ডের চড়ক মাঠ সংলগ্ন মহানন্দা নদীতে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। সকালে স্থানীয় বাসিন্দারা স্নান করতে গিয়ে নদীর পাড়ে ভাসতে দেখেন ওই ব্যক্তির দেহ। খবর দ্রুত ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান এলাকাবাসীরা।
স্থানীয়দের উদ্যোগেই প্রথমে মৃতদেহটি নদী থেকে ডাঙায় তোলা হয়। তবে উপস্থিত কেউই ওই ব্যক্তিকে শনাক্ত করতে পারেননি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালদা থানার পুলিশ (Malda police)।
এলাকাবাসীদের একাংশের অনুমান, ওই ব্যক্তি সম্ভবত নেশাগ্রস্ত অবস্থায় নদীতে নেমে আর উঠতে পারেননি। আবার কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, কয়েক দিন আগে ওই ব্যক্তিকে মৌলপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেও দেখা গিয়েছিল বলে তাঁদের মনে পড়ছে। যদিও মৃত ব্যক্তির পরিচয় এখনও স্পষ্ট নয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুরাতন মালদা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শত্রুঘ্ন সিনহা বর্মা এবং ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শ্যাম মন্ডল। তিনি জানান, মৃত ব্যক্তির এখনও পর্যন্ত কোনও পরিচয় পাওয়া যায়নি। তাঁর আনুমানিক বয়স প্রায় ৫৫ বছর। কী ভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই স্পষ্ট হবে।
পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ( Malda Medical College Hospital) পাঠিয়েছে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। মৃতের পরিচয় সামনে এলেই এই রহস্যের অনেকটাই উন্মোচন হতে পারে বলে মনে করা হচ্ছে।