• মাংসের দাম আচমকাই বৃদ্ধি! ক্ষুব্ধ ক্রেতারা, হস্তক্ষেপ পুরপ্রধানের
    এই সময় | ০৫ মার্চ ২০২৬
  • এই সময়, পুরুলিয়া: দোলের বাজারে (Holi Festival) হঠাৎ করে মাংসের দাম বেড়ে যাওয়া নিয়ে উত্তেজনা রঘুনাথপুরে। শেষ পর্যন্ত পুরপ্রধানের হস্তক্ষেপে পুরোনো দামেই মাংস বিক্রি করতে বাধ্য হন দোকানদার।

    বুধবার হোলির ছুটি থাকায় থলে নিয়ে বাজারে মাংসের (Mutton Price) দোকানে লাইন দিয়েছিলেন অনেক মানুষ। কিন্তু মাংসের দাম শুনে চোখ কপালে ওঠে। মাংসের দাম রাতারাতি কেজি প্রায় ৬০ টাকা বেড়ে গিয়েছে। তা নিয়ে দোকানদারের সঙ্গে কোথাও ক্রেতাদের তর্ক শুরু হয়। বরাকর রোডের উপরে এক মাংসের দোকানি ক্রেতাদের বলে দেন, ‘আপনি শহরের অন্য পাড়ার দোকানেও খোঁজ নিয়ে পারেন। সেখানেও ৭৪০ টাকার বদলে ৮০০ টাকা কেজি দরে খাসির মাংস বিক্রি হচ্ছে।’

    এক ক্রেতার কথায়, ‘মঙ্গলবার পূর্ণিমা ছিল। আজ মাংস কিনতে গিয়ে দেখি কেজিতে তার দাম ৬০ টাকা করে বেড়ে গিয়েছে। শহরের সর্বত্র এই দাম। এটা কী ভাবে হয়?’ এই খবর যায় পুরসভার কাছে। বিভিন্ন মাংসের দোকানে চলে আসেন পুরপ্রধান তরণী বাউড়ি ও কাউন্সিলার তথা রঘুনাথপুর শহর তৃণমূলের সভাপতি প্রণব দেওঘরিয়া। দোকানদারদের কাছে পুরপ্রধান জানতে চান, কার অনুমতিতে তাঁরা এ ভাবে মাংসের দাম বাড়িয়েছেন? কিছু দোকানদার জানান, আগে যে দামে খাসি পাওয়া যেত, দাম তার চেয়ে বেড়ে গিয়েছে।

    কিন্তু সেই বক্তব্য মানেননি শহর তৃণমূলের (TMC) সভাপতি। তিনি বলেন, ‘এই যুক্তি মোটেই সন্তোষজনক নয়। পুর এলাকায় তো এ ভাবে ইচ্ছা মতো দাম নেওয়া যাবে না। ক্রেতাদের ক্ষোভের কারণ সঙ্গত।’ পুরপ্রধানও জানান, পুরসভায় বৈঠক করে মাংসের দাম বেঁধে দেওয়া হবে। পরে অবশ্য ৭৪০ টাকা কেজিতেই মাংস বিক্রি হয় এ দিন।

  • Link to this news (এই সময়)