• চড়চড়িয়ে গরম বাড়ছে শহরে, উইকএন্ডে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
    এই সময় | ০৫ মার্চ ২০২৬
  • শীতের আমেজ উধাও। ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। আপাতত তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    শনিবার আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বৃষ্টির (Rain) অনুকূল পরিস্থিতি তৈরি হবে। সোমবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গ, দুই জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশ এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি উত্তর-পূর্ব বাংলাদেশেও আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। শুক্রবার উত্তর-পশ্চিম ভারতে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে। এই সব কারণেই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

    রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বুধবারেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে রবিবার থেকে সেখানে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। রবিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বজ্র-বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার ও মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৬ থেকে ৯০ শতাংশ। আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৩ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই, তবে রবিবার থেকে আবহাওয়ার বদল দেখা যেতে পারে।

  • Link to this news (এই সময়)