ওমান উপসাগরে ভয়াবহ পরিস্থিতির শিকার দুই ভারতীয়। জানা গিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্রের হামলায় নিহত হয়েছেন তৈলবাহী জাহাজ ‘স্কাইলাইট’-এর দুই ভারতীয় নাবিক। তাঁরা হলেন বিহারের বাসিন্দা ও ক্যাপ্টেন আশিস কুমার এবং জাহাজের ক্রু রাজস্থানের দলীপ সিং। আমেরিকা-ইজ়রায়েলের সঙ্গে ইরানের ক্রমবর্ধমান সংঘাতের জেরে ওমান উপকূলে হামলা চালানো হয়। বৃহস্পতিবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্টে দুই ভারতীয়ের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
ওমান উপসাগরে হামলার পর থেকেই নিখোঁজ ছিলেন আশিস এবং দলীপ। সরকারি সূত্রে জানা গিয়েছে, উদ্ধারকারী দল জাহাজ থেকে দুইটি পোড়া কঙ্কাল উদ্ধার করেছে। সূত্রের খবর, দলীপ সিং ২২ জানুয়ারি ওই জাহাজে কাজে যোগ দিয়েছিলেন। বুধবার রাতে একটি ইমেলের মাধ্যমে আশিস এবং দলিপের পরিবার এই দুঃসংবাদ পান।
যে জাহাজে হামলা চালানো হয়েছে, তাতে ২০ জনের মধ্যে ১৫ জন ছিলেন ভারতীয়। এই জাহাজের উপর গত বছরই নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা। সম্প্রতি ইরান হুঁশিয়ারি দিয়েছিল যে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী যে কোনও জাহাজকে তারা ধ্বংস করে দেবে। এই প্রণালী বিশ্বের অন্যতম প্রধান তেল রপ্তানি পথ হওয়ায় বর্তমানে গোটা বিশ্বের নজর রয়েছে এই অঞ্চলের দিকে। ইরানের রিভোলিউশনারি গার্ডের পক্ষ থেকে সরাসরি জানানো হয়েছে, কেউ এই পথ ব্যবহারের চেষ্টা করলে তাদের জাহাজ পুড়িয়ে দেওয়া হবে।
এই ঘটনার পর থেকে জাহাজে কাজ করা ভারতীয়দের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে। ইতিমধ্যেই ১৫ জন ভারতীয় এবং ৫ জন ইরানের বাসিন্দাকে ওমান উপকূলরক্ষী বাহিনী একাধিক জাহাজ থেকে উদ্ধার করে নিরাপদে জায়গায় সরিয়ে নিয়ে গিয়েছে। দুই ভারতীয়র মৃত্যু পশ্চিম এশিয়ার এই সংঘাতকে আরও জটিল করে তুলেছে। দিল্লি সূত্রে জানা গিয়েছে, এই কঠিন পরিস্থিতিতে উদ্ধার হওয়া ভারতীয় নাবিকদের দেশে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। পশ্চিম এশিয়ার এই যুদ্ধকালীন আবহে ভারতের বিদেশমন্ত্রক পুরো পরিস্থিতির উপর কড়া নজর রাখছে।