বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রার (BJP Paribartan Sankalpa Yatra) প্রচার গাড়িতে হামলার অভিযোগ। বীরভূমের দুবরাজপুরে (Protest at Dubrajpur Birbhum) জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে এলে পুলিশের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। বৃহস্পতিবার এই অভিযোগ ঘিরে অশান্ত হয় এলাকা।
বিজেপির দুবরাজপুর শহর মণ্ডলের সভাপতি দেবজ্যোতি সিংয়ের অভিযোগ, ৬ তারিখ তাঁদের পরিবর্তন সংকল্প যাত্রা আছে। তার আগে টোটো করে প্রচারে নামেন তাঁরা। শহরের বিভিন্ন এলাকা ঘুরে ওই গাড়ি সিনেমা হলের রাস্তায় যাওয়ার সময়ে ২টি গাড়ি টোটোর পথ আটকায়। টোটোর চালককে মারধর করা হয়। ব্যানার, ফেস্টুন সব ছিঁড়ে দেয়। হুমকি দেওয়া হয়, এই পথে আবার দেখলে প্রাণে মেরে দেবে। বিজেপির প্রচার করতে দেবে না ওরা। তৃণমূলের কোনও নেতার এই গাড়ি ছিল বলেও অভিযোগ দেবজ্যোতির।
তারই প্রতিবাদে দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহার নেতৃত্বে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান দলীয় নেতা-কর্মীরা। বিধায়কের দাবি, যে বা যারা এ কাজ করেছে, গ্রেপ্তার করতে হবে। না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা। দুবরাজপুর থানা এলাকায় রোজ এ সব চলছে। বিক্ষোভ সরাতে গেলে পুলিশের সঙ্গে বচসা শুরু হয়। পরে পুলিশি আশ্বাসে বিক্ষোভ ওঠে। দুবরাজপুর থানায় অভিযোগও দায়ের করেন তাঁরা। ইতিমধ্যেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
তৃণমূলের জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, ‘আমরা শুনেছি। তবে দুবরাজপুরে এ ধরনের ঘটনা ঘটার পরিবেশ নেই। জানি না প্রচার গাড়ি থেকে কোনও উস্কানিমূলক কথাবার্তা হচ্ছিল কি না।’