শেওড়াফুলি স্টেশন (Seorafuli) চত্বরে আগুন। বৃহস্পতিবার দুপুরে প্ল্যাটফর্মের ভিতরেই একটি অংশে আগুন লাগে (Fire break out)। সূত্রের খবর, ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্মের মাঝে আবর্জনা রাখা ছিল। সেখানেই এই আগুন লাগে। শুকনো আবর্জনা থেকে এই আগুন লাগে বলে খবর। যদিও মুহূর্তে তা ভয়াবহ আকার নেয়। ঘটনাস্থলে পৌঁছয় GRP ও RPF। আপাতত আগুন নিয়ন্ত্রণে।
যেখানে আগুন লাগে, তার পাশেই শৌচালয়। ভয় পেয়ে যান যাত্রীরা। প্ল্যাটফর্মে থাকা যাত্রীরাও ছোটাছুটি শুরু করেন। প্ল্যাটফর্মের ধারে থাকা বিজ্ঞাপনের একটি হোর্ডিংয়েও আগুন ধরে যায়।
প্রথমে রেলের কর্মীরাই আগুন নেভানোর চেষ্টা করেন। এর পরে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকলের গাড়ি ঢুকে পড়ে প্ল্যাটফর্মে। এই ঘটনায় আতঙ্ক ছড়ায়। যদিও ট্রেন চলাচলে কোনও বিঘ্ন ঘটেনি।
শ্রীরামপুর ফায়ার স্টেশনের অফিসার শান্তনু মালিক বলেন, ‘৩টে ৫০ নাগাদ আমরা খবর পাই। ১০ মিনিটের মধ্যে ফায়ার বাইক ও একটি গাড়ি নিয়ে আসি। আগুন লাগার কারণ এখনই বলা সম্ভব নয়। তবে ওখানে প্রচুর আবর্জনা ছিল। কোনও হতাহত নেই।’
বুধবারই উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। একটি মিষ্টির দোকান থেকে আগুন লাগে। এর পরে আশপাশের ২-৩টি দোকানে আগুন লেগে যায়। পিছনে থাকা একটি কাঠগোলা পুড়ে যায়। একজনের মৃত্যুও হয়।