আজকাল ওয়েবডেস্ক: পিলখানার প্রোমোটার খুনের ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। ঘটনার মূল অভিযুক্ত হারুন খান এবং রোহিত হোসেন অবশেষে পুলিশের জালে। বৃহস্পতিবার বেলা ১১:৫৮ মিনিট নাগাদ দিল্লির জামা মসজিদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে হাওড়া সিটি পুলিশের গোলাবাড়ি থানার একটি বিশেষ দল।
উল্লেখ্য, এই খুনের ঘটনার গুরুত্ব বিচার করে রাজ্য প্রশাসন ইতিমধ্যেই তদন্তের ভার সিআইডি-র হাতে তুলে দিয়েছে। সিআইডি ঘটনার তদন্ত প্রক্রিয়া চালিয়ে গেলেও, সমান্তরালভাবে তৎপর ছিল হাওড়া সিটি পুলিশও। গোপন সূত্রে খবর পেয়ে গোলাবাড়ি থানার পুলিশ দিল্লির জামা মসজিদ এলাকায় হানা দেয় এবং দুই অভিযুক্তকে পাকড়াও করতে সক্ষম হয়।
গত কয়েকদিন আগে পিলখানা এলাকায় প্রকাশ্য দিবালোকে এক প্রোমোটারকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় হারুন ও রোহিতের নাম উঠে আসতেই তারা গা ঢাকা দেয়। পুলিশ সিসিটিভি ফুটেজ ও কল রেকর্ড পরীক্ষা করে জানতে পারে তারা রাজ্যের বাইরে পালিয়েছে।গ্রেপ্তারের পর দুই অভিযুক্তকে ট্র্যানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। সিআইডি-র তদন্তভার হাতে থাকা সত্ত্বেও স্থানীয় পুলিশের এই সাফল্যকে ইতিবাচক হিসেবেই দেখছে প্রশাসন। কেন এই খুন? এর পিছনে অন্য কোনো বড় মাথার হাত রয়েছে কি না, তা এখন খতিয়ে দেখছেন তদন্তকারীরা।