• হোলির রাতে মানিকচকে রক্তাক্ত কাণ্ড
    আজকাল | ০৫ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ হোলির আনন্দ মুহূর্তেই আতঙ্কে পরিণত হল মালদহের মানিকচকে। গুলি চলা ও গণধোলাইয়ের ঘটনায় মৃত্যু হল দু’‌জনের। গুরুতর আহত অবস্থায় আরও তিনজন মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচক থানার মথুরাপুর এলাকায়।

     মৃতদের মধ্যে রয়েছেন স্থানীয় রেশন ডিলার সমীর দাশগুপ্ত (৬২) এবং গুলিবিদ্ধ নাবালক সমর রজক (১৪)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হোলির রাতে মানিকচকের মথুরাপুর কাহাড়পাড়া এলাকায় সমীর দাশগুপ্তের নাবালক ছেলের সঙ্গে এলাকার কয়েকজন যুবকের বচসা শুরু হয়। সেই সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত নাবালক বাড়িতে থাকা একটি বন্দুক থেকে গুলি চালায় বলে অভিযোগ। গুলিতে চারজন গুরুতর আহত হন। এই ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসীরা সমীর দাশগুপ্তকে ধরে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একই সঙ্গে গুলিবিদ্ধদেরও হাসপাতালে ভর্তি করা হয়।

    বৃহস্পতিবার ভোররাতে চিকিৎসক সমীর দাশগুপ্ত ও সমর রজককে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত নাবালক পলাতক বলে জানা গেছে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি সামাল দিতে মানিকচক থানার পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।

     
  • Link to this news (আজকাল)