আইসিডিএস সেন্টারের খিচুড়িতে টিকটিকি! অসুস্থ ১৫ শিশু
আজকাল | ০৫ মার্চ ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দীঘি বিধানসভা এলাকার নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের একটি আইসিডিএস সেন্টারে রান্না করা খিচুড়িতে টিকটিকি পড়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, সেই খিচুড়ি খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে অন্তত ১৫ জন খুদে পড়ুয়া। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে নগেন্দ্রপুর উত্তরপাড়ার ১৫৫ নম্বর আইসিডিএস সেন্টারে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো ওই সেন্টারে শিশুদের জন্য খিচুড়ি রান্না করা হয়েছিল।
অভিযোগ, রান্নার সময় অসাবধানতাবশত একটি টিকটিকি খাবারের মধ্যে পড়ে যায় এবং খিচুড়ির মধ্যেই সিদ্ধ হয়ে যায়। বিষয়টি বুঝতে না পেরে অনেক শিশু সেই খাবার খেয়ে ফেলে। কেউ আবার সেই খিচুড়ি বাড়িতেও নিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।খাবার খাওয়ার কিছুক্ষণ পর থেকেই কয়েকজন শিশু অসুস্থ বোধ করতে শুরু করে।
কারও বমি, কারও পেট ব্যথা ও অস্বস্তির লক্ষণ দেখা যায়। আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকেরা। তড়িঘড়ি করে অসুস্থ শিশুদের রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাদের প্রাথমিক চিকিৎসা শুরু করেন এবং সকলকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে পৌঁছে যান রায়দিঘির বিধায়ক ডা. অলক জলদাতা। তিনি নিজে অসুস্থ শিশুদের চিকিৎসার তদারকি করেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি ব্লক মেডিক্যাল অফিসার অব হেলথ (বিএমওএইচ)-কে বিষয়টি জানিয়ে ঘটনাস্থলে দুটি অ্যাম্বুল্যান্স পাঠানোর ব্যবস্থা করেন। এছাড়াও সিডিপিওকে গোটা ঘটনাটি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। বিএমওএইচ ও অন্যান্য মেডিক্যাল অফিসারদের একটি মেডিক্যাল টিমও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করছেন।
বিধায়ক জানান, শিশুদের শারীরিক অবস্থার দিকে নজর রাখা হচ্ছে এবং তারা সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে সবরকম সাহায্য করা হবে। এদিন তিনি নিজের সমস্ত রাজনৈতিক কর্মসূচি বাতিল করে হাসপাতালে উপস্থিত থেকে অসুস্থ শিশুদের পাশে থাকার আশ্বাস দেন।অন্যদিকে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়াও শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে।