আজকাল ওয়েবডেস্ক: আর কয়েক মাসের অপেক্ষা। সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটের আগে তৃণমূলের হাত আরও শক্ত ফল। এবার তৃণমূলে যোগ দিলেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সৌরভ চন্দ্র।
আজ বৃহস্পতিবার তৃণমূল ভবনে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন হাইকোর্টের আইনজীবী সৌরভ। চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরেই তৃণমূলে যোগ দিলেন তিনি।
দিন কয়েক রাজ্যসভার নির্বাচনের জন্য তৃণমূলের তরফেপ্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামীর। এরপরই তৃণমূলে যোগ দিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী। রাজ্যের শাসক দলের একের পর এক আইনজীবীর যোগদান হল সাম্প্রতিককালে।
এদিন সৌরভ চন্দ্রের যোগদান প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 'কলকাতা হাইকোর্টের পাশাপাশি সুপ্রিম কোর্টেও আইনজীবী হিসেবে পেশাগত যোগ্যতা তিনি দেখিয়ে এসেছেন। ভারতের ঐতিহ্যের সঙ্গে প্রথিতযশা আইনজীবীরা বরাবরই যুক্ত ছিলেন। ইডি, সিবিআই বিভিন্নভাবে কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনে কাজ করছে। সাধারণ মানুষকে হেনস্থার বিরুদ্ধে যেমন রাস্তায় আওয়াজ ওঠানো যায়, তেমনি কোর্টেও আওয়াজ ওঠানো যায়। সেটা আইনের মাধ্যমে। সেটা সৌরভ করেছে।'
গত শুক্রবার রাজসভার নির্বাচনের জন্য চারজন প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের রাজ্যসভার প্রার্থী হয়েছেন বাবুল সুপ্রিয়, রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমার, অভিনেত্রী কোয়েল মল্লিক এবং আইনজীবী মেনকা গুরুস্বামী। মেনকা জিতলে, তিনিই রাজ্যসভায় প্রথম সমকামী সাংসদ হতে চলেছেন। নিঃসন্দেহে রাজ্যের শাসক দলের হাত ধরেই ভারতীয় রাজনীতিতে হতে চলেছে নয়া ইতিহাস রচনা।
গতকাল তৃণমূলের তরফে দলের এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্যসভার আসন্ন নির্বাচনে প্রার্থী হিসেবে বাবুল সুপ্রিয়, রাজীব কুমার, মেনকা গুরুস্বামী ও কোয়েল মল্লিকের নাম ঘোষণা করা হয়েছে। তৃণমূলের তরফে চার প্রার্থীকেই শুভেচ্ছা জানানো হয়েছে।
প্রসঙ্গত বিধানসভা নির্বাচনের মধ্যেই শেষ হচ্ছে রাজ্যসভার এ রাজ্যের পাঁচ সংসদের মেয়াদ। তৃণমূল কংগ্রেসের ঋতব্রত ব্যানার্জি, সুব্রত বক্সি, সাকেত গোখেল, মৌসম বেনজির নূর ও সিপিএমের বিকাশ ভট্টাচার্য। সুব্রত বক্সী আর নির্বাচনে লড়বেন না বলে জানিয়েছেন। মৌসম বেনজির নূর ইতিমধ্যেই কংগ্রেসের যোগ দিয়েছেন। চারজন প্রার্থীর তালিকায় চমক থাকার জল্পনা ছিল।