• ভোটের আগে ইস্তফা রাজ্যপাল সিভি আনন্দ বোসের, ‘বিস্ফোরক’ ইঙ্গিত মমতার
    এই সময় | ০৫ মার্চ ২০২৬
  • Big Breaking: ইস্তফা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিধানসভা ভোটের আগে আচমকা পদত্যাগ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। ২০২২ সালে ১৭ নভেম্বরে বাংলার রাজ্যপাল হিসেবে নাম ঘোষণা হয় সিভি আনন্দ বোসের। এখন দিল্লিতে রয়েছেন সিভি আনন্দ বোস। সূত্রের খবর, বিকেল ৪টা ৫৫ মিনিটে ফ্লাইটে দিল্লি যান তিনি। সেখানেই রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি।

    সূত্রের খবর, তাঁর দার্জিলিং যাওয়ার কথা ছিল। রাজ্যপাল অফিসের আধিকারিকরা সেখানে পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু পরে জানা যায় দিল্লি চলে গিয়েছেন রাজ্যপাল। সেখান থেকে তাঁর পদত্যাগের খবর আসে। সূত্রের খবর, ২১ থেকে ২২ দিন আগে রাজ্যপালের পদত্যাগ করার কথা হয়েছিল।

    কেরালায় জন্ম সিভি আনন্দ বোসের। ১৯৭৭ সালের আইএএস ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে প্রশাসনের দায়িত্ব সামলেছিলেন তিনি। একাধিক দপ্তরের গুরুদায়িত্ব সামলেছিলেন। কেরালার মুখ্যমন্ত্রীর সচিব হিসেবেও কাজ করেছিলেন তিনি।

    সিভি আনন্দ বোসের ইস্তফার পরে বাংলার রাজ্যপালের দায়িত্ব সামলাবেন কে? তা নিয়ে প্রবল জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, তামিলনাড়ুর রাজ্যপাল আরএন নভি অস্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব পেতে পারেন।

    রাজ্যপালের ইস্তফার ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। X হ্যান্ডলের পোস্টে তিনি লিখেছেন, ‘রাজ্যপাল সিভি আনন্দ বোসের ইস্তফার আচমকা খবরে আমি বিস্মিত। তাঁর পদত্যাগের পিছনে কী কারণ রয়েছে তা আমার কাছে এখনও স্পষ্ট নয়। কিন্তু পরিস্থিতি অনুযায়ী, আমি অবাক হব না যদি বিধানসভা ভোটের রাজ্যপালকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ রাজনৈতিক কাজ করার জন্য চাপ দিয়ে থাকেন।’

    এখন বাংলার রাজ্যপাল কে হবেন, তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে জানিয়েছেন বলেও পোস্টে লিখেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন আর এন নভি বাংলার রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেবেন। কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁর সঙ্গে কোনওরকম আলোচনা করা হয়নি বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।

  • Link to this news (এই সময়)