• ‘সমুদ্রে উত্তেজনা বাড়ছে, কেন্দ্রীয় সরকার চুপ কেন’, ইরান যুদ্ধের আবহে মোদীকে তোপ রাহুলের
    এই সময় | ০৬ মার্চ ২০২৬
  • পশ্চিম এশিয়ার যুদ্ধের (Middle East in War) ঢেউ এসে পড়েছে ভারত মহাসাগরে (Indian Ocen)। আমেরিকার হামলায় ধ্বংস হয়ে গিয়েছে ইরানের যুদ্ধজাহাজ। হামলায় ৮৭ জনের মৃত্যু হয়েছে। ১৪৮ জন নিখোঁজ। এই ঘটনায় এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি নয়াদিল্লি। বৃহস্পতিবার এই নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর কথায়, ‘এটা বিপজ্জনক ঘটনা। ভারতের জ্বালানি সরবরাহের বাধা পড়তে পারে।’ নয়াদিল্লির পদক্ষেপ করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

    একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ১৮০ জনকে নিয়ে এগোচ্ছিল ইরানের নৌবাহিনীর IRIS Dena। শ্রীলঙ্কার (Sri Lanka) বন্দর শহর গল থেকে ৪০ নটিক্যাল মাইল দূরে ছিল জাহাজটি। আচমকাই হামলা চালায় আমেরিকার একটি সাবমেরিন। ডুবন্ত জাহাজটি থেকে ৩২ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার স্বাস্থ্য আধিকারিক অনিল জসিংহে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

    এই ঘটনা আন্তর্জাতিক রাজনীতির জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেছেন রাহুল। তাঁর দাবি, ‘যুদ্ধ এখন ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে।’ রাহুল প্রশ্ন তুলেছেন, ‘নয়াদিল্লি চুপ কেন?’ এই নীরবতা কূটনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলছে বলে দাবি তাঁর। রাহুলের সতর্কবার্তা, ‘সামনে উত্তাল সমুদ্র অপেক্ষা করছে।’ ভারতের অবস্থান স্পষ্ট ভাবে জানানোর দাবি তোলেন তিনি।

    যুদ্ধ শুরুর পরে থেকে হরমুজ় প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে ইরান। ইসলামিক ন্যাশনাল গার্ড কর্পসের প্রধান ইব্রাহিম জাবারি রীতিমতো হুমকি দিয়ে বলেছেন, ‘এক ফোঁটা তেল বাইরে নিয়ে যেতে দেবো না। জাহাজ গেলেই আগুন ধরিয়ে দেবো।’ এ দিন সেই প্রসঙ্গ টেনে এনেছেন রাহুল। মোদী কেন এখনও পর্যন্ত এই নিয়ে কোনও মন্তব্য করেননি, সেই অভিযোগ তুলে তিনি বলেন, ‘এই সময়ে আমাদের এমন নেতা প্রয়োজন, যিনি দৃঢ় ভাবে পরিস্থিতির হাল ধরতে পারবেন।’

    মোদীকে এ দিনও আপস করা প্রধানমন্ত্রী বলে তোপ দাগেন রাহুল গান্ধী। তাঁর কথায়, ‘ভারতের স্ট্র্যাটেজিক অবস্থান দুর্বল হয়ে পড়ছে। প্রধানমন্ত্রীর আপস করা স্বভাবের জন্য দেশের সার্বভৌমত্ব প্রশ্নের মুখে পড়তে পারে।’ বিশ্ব জুড়ে বাড়তে থাকা উত্তেজনার আবহে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে যখন উদ্বেগ ক্রমশ বাড়ছে, তখন ভারতের কূটনৈতিক অবস্থান নিয়েও নতুন করে প্রশ্ন তুলে দিলেন রাহুল।

  • Link to this news (এই সময়)