• ভোটার তালিকায় নাম ওঠেনি বাড়ির কারও, ‘উদ্বেগে’ ভুগে মৃত্যু বৃদ্ধের
    এই সময় | ০৬ মার্চ ২০২৬
  • চূড়ান্ত ভোটার তালিকায় পরিবারের কারও নাম ওঠেনি, সেই কারণে মানসিক উদ্বেগে ছিলেন এক ব্যক্তি। তার জেরেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। পরিবারের অভিযোগ, তালিকায় নাম না ওঠায় প্রবল উদ্বেগ থেকে তাঁর হার্ট অ্যাটাক হয়। তার জেরেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। নদিয়ার রানাঘাটের ঘটনা। মৃত ব্যক্তির নাম জয়দেব দত্ত, বয়স ৬০ বছর।

    পরিবার জানিয়েছে, SIR নিয়ে প্রথম থেকেই চিন্তায় ছিলেন তিনি। তারপরে দেখা যায়, চূড়ান্ত ভোটার তালিকায় তাঁর পরিবারের কারও নাম ওঠেনি। পরিবারের অভিযোগ, তারপর থেকেই উদ্বেগে ভুগছিলেন তিনি। পরিবার জানিয়েছে, বুধবার রাতেই অসুস্থ বোধ করেন রানাঘাট থানার হবিবপুর গ্রাম পঞ্চায়েতের কলাইঘাটা গ্রামের বাসিন্দা জয়দেব। তারপরে তাঁকে রানাঘাট হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে মারা যান তিনি। পরিবারের দাবি, জয়দেববাবু বার্ধক্য ভাতা পেতেন, কিন্তু হঠাৎ করে নাম কাটা যাওয়ার কারণে সেই ভাতা পাবেন না বলে আশঙ্কায় ভুগছিলেন তিনি। তারপর থেকেই তিনি আরও অসুস্থ হয়ে পড়েন বলে পরিবারের দাবি। জয়দেব দত্তর স্ত্রী এবং তিন ছেলে-মেয়ে রয়েছেন। দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। এখন ছেলে ও স্ত্রীকে নিয়ে বাড়িতে থাকতেন তিনি।

    জয়দেবের মৃত্যুর খবর পেয়ে তাঁর বাড়িতে গিয়ে পৌঁছন তৃণমূলের নেতাকর্মীরা। তৃণমূলের দাবি, SIR-এর আতঙ্কে এর আগেও একাধিক মানুষের প্রাণ গিয়েছে। আবার নতুন করে ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরে মৃত্যুর ঘটনা ঘটছে। গোটা ঘটনায় বিজেপিকেই দুষেছে তৃণমূল। রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপির মুখপাত্র সোমনাথ কর বলেন, ‘তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। মৃত্যু নিয়ে তৃণমূল রাজনীতি শুরু করেছে।’

  • Link to this news (এই সময়)