পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার সন্ধেবেলা এই খবর পাওয়া যায়। তবে কেন পদত্যাগ করলেন তা এখনও জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি দিল্লিতে রয়েছেন। ২০২২ সালের ১৭ নভেম্বর তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল মনোনীত হন। অর্থাৎ কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করলেন।
সামনেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যপালের পদত্যাগ ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। পাঁচ বছর কাজের মেয়াদ থাকে একজন রাজ্যপালের। অথচ তিন বছরের কিছু সময় পরই তিনি পদত্যাগ করলেন তিনি। কোন পরিস্থিতিতে, কেন তাঁকে পদত্যাগ করতে হল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
এদিকে পদত্যাগের কারণ হিসেবে পরিষ্কারভাবে কিছু না জানালেও সংবাদসংস্থা PTI-কে বোস বলেন, 'রাজ্যপালের দফতরে আমি যথেষ্ট সময় কাটিয়েছি।'
এদিকে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, 'পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী সি. ভি. আনন্দ বোসের আকস্মিক পদত্যাগের খবর শুনে আমি স্তম্ভিত ও উদ্বিগ্ন। এই মুহূর্তে তাঁর পদত্যাগের সঠিক কারণ আমার জানা নেই। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে, আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কিছু রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে রাজ্যপালের উপর কোনও চাপ সৃষ্টি করা হয়ে থাকলে তাতে আমি বিস্মিত হব না।'
প্রসঙ্গত, রাজ্যের সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোস একাধিকবার সংঘাতে জড়িয়েছেন। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। তা নিয়ে রাজ্য সরকারের সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। তৃণমূলের নেতা-মন্ত্রীরা তাঁকে বিজেপির লোক বলেও আক্রমণ করেছিলেন।
তবে রাজ্য সরকার শুধু নয়,বিজেপির সমালোচনার মুখেও পড়তে হয়েছে রাজ্যপালকে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের মতো নেতারা প্রকাশ্যে সমালোচনা করেছিলেন তাঁর। সাফ জানিয়েছিলেন, সাংবিধানিক পদে থেকেও নিজের দায়িত্ব পালন করছেন না বোস।