• রাজ্যপাল পদে হঠাৎ ইস্তফা সি ভি আনন্দ বোসের, ‘বিস্মিত ও উদ্বিগ্ন’ মুখ্যমন্ত্রী মমতা
    বর্তমান | ০৫ মার্চ ২০২৬
  • কলকাতা, ৫ মার্চ: ভোটের মুখে পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। দিল্লিতে গিয়ে ইস্তফাপত্র তুলে দিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতে এই খবর জানাজানি হতেই হইচই পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। আনন্দ বোসের আকস্মিক ইস্তফায় তিনি ‘বিস্মিত’ ও ‘উদ্বিগ্ন’ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। একইসঙ্গে জানিয়েছেন, পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হচ্ছেন আর এন রবি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে একথা জানিয়েছেন।

    ২০২২ সালের ১৭ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্বভার গ্রহণ করেন সি ভি আনন্দ বোস। রাজ্য সরকারের সঙ্গে সংঘাত থেকে রাজভবনের এক মহিলা কর্মচারীকে যৌন হেনস্তা- এমন নানা কারণে বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন প্রাক্তন এই আমলা। তাঁর আমলের সাড়ে তিন বছরে রাজভবন ‘বিজেপির পার্টি অফিসে’ পরিণত হয়েছিল। এমনই অভিযোগ করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। মোটের উপর মোদি সরকারের ‘গুড বুকে’ থাকা আনন্দ বোসের আকস্মিক ইস্তফার সিদ্ধান্তে স্বভাবতই অনেকে হতবাক। সি ভি আনন্দ বোসও পদত্যাগের খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন। সংবাদসংস্থা পিটিআইকে তিনি বলেছেন, ‘পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে সাড়ে তিন বছর দায়িত্ব পালন আমার জন্য যথেষ্ট।’ কিন্তু কী কারণে এই সিন্ধান্ত? খোলসা করেননি প্রাক্তন এই আমলা। আর তাতেই বে‌ড়েছে জল্পনা।

    বাংলার দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা ভোটে। তার আগে চাপের মুখে তাঁকে ইস্তফা দিতে বাধ্য করা হয়নি তো? প্রশ্ন তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসাবে আর এন রবির নিয়োগেও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এমন একতরফা সিদ্ধান্ত সংবিধানের মূল ভাবনা এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলেও তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী।
  • Link to this news (বর্তমান)