ভর সন্ধ্যায় ATM-এ ঢুকে একাধিক এটিএম কার্ড ব্যবহার করে টাকা তোলার চেষ্টা করছিল তিন জন। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় তারা বিষয়টি নিয়ে কথা বলতে যান। স্থানীয়দের প্রশ্ন করতে দেখেই পালিয়ে যায় দু’জন। অন্য একজনকে ধরে আটকে রাখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশকে। স্থানীয়দের দাবি, এটিএম কার্ড নিয়ে অপরাধমূলক কাজ করছিল অভিযুক্তরা। বৃহস্পতিবার সন্ধ্যায় পানিহাটি এলাকার ঘটনা। পরে পুলিশ এসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
উত্তর ২৪ পরগনার পানিহাটির ১৯ নম্বর ওয়ার্ডের কালীতলায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম রয়েছে। সেখানেই একাধিক এটিএম কার্ড ব্যবহার করে টাকা তোলার চেষ্টা করছিল ৩ জন। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যাবেলায় ডাকাতি করতে এসেছিল অভিযুক্তরা। খবর পেয়ে ঘোলা থানার পুলিশ গিয়ে আটক করে একজনকে। প্রত্যক্ষদর্শীদের কথায়, কালীতলা এলাকায় ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম-এ তিন জন সন্দেহভাজন ঢোকে। এটিএম-এর বাইরে থাকা লোকজন লক্ষ্য করেন, ওই তিন জন একের পর এক এটিএম কার্ড বের করে টাকা তুলছিল। সন্দেহ হতেই তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। সেই সময়েই পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা।
পালানোর চেষ্টা করতেই সন্দেহ বাড়ে স্থানীয়দের। তাঁরা একজনকে ধরে ফেললেও বাকি দু’জন পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, যাকে আটক করা হয়েছিল, সে নিজের বাড়ির ঠিকানাও বলতে পারছিল না। কখনও বলছিল টিটাগড়, কখনও বলছিল খড়দহ, কখনও ডায়মন্ডহারবারের বাসিন্দা বলছিল নিজেকে, দাবি স্থানীয়দের। তাতেই আরও বাড়ে সন্দেহ। ওই ব্যক্তিকে এটিএমের মধ্যেই আটকে রেখে ঘোলা থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে ওই ব্যক্তিকে আটক করার পরে, উত্তেজিত জনতা মারমুখী হয়ে ওঠে। পুলিশের সামনেই চলে গণধোলাই। উত্তেজিত জনতার হাত উদ্ধার করে তাকে ঘোলা থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশ জানিয়েছে, তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বাকিদেরও খোঁজ চালানো হচ্ছে।