এই সময়: পর পর দু’দফায় বাংলা জুড়ে ঝড়–বৃষ্টির আবহ তৈরি হতে যাচ্ছে বলে পূর্বাভাস দিলেন আবহবিদরা। বঙ্গোপসাগরে নিম্নচাপ, ওডিশা–বাংলা সীমানার উপরে ও উত্তরপ্রদেশের পশ্চিম প্রান্তের আকাশে তৈরি একজোড়া ঘূর্ণাবর্ত এবং পশ্চিমি ঝঞ্ঝার মিলিত প্রভাবে এটা হতে চলেছে। আবহবিদরা জানাচ্ছেন, পরশু, রবিবার থেকে বুধবার পর্যন্ত এবং তার পরে ফের আগামী শুক্রবার, ১৩ মার্চ থেকে তার পরের সোমবার অর্থাৎ মার্চের ১৬ তারিখ পর্যন্ত উত্তর ও দক্ষিণ— বাংলার দু’প্রান্তেই ঝড়–বৃষ্টির প্রবল সম্ভাবনা।
এই সপ্তাহের শেষ থেকে বাংলার আবহাওয়ায় যে পরিবর্তন হতে চলেছে, সে প্রসঙ্গে আবহাওয়া বিশেষজ্ঞ রবীন্দ্র গোয়েঙ্কা বলেন, ‘পশ্চিমি ঝঞ্ঝার একটি দুর্বল প্রবাহ সপ্তাহের শেষ দিকে ঢুকতে শুরু করবে। বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে, তার ফলে তৈরি প্রচুর জলীয় বাষ্পকে ওই ঝঞ্ঝা পর্যন্ত পৌঁছে দিয়ে তাকে শক্তিশালী করে তুলবে ওডিশা ও বাংলার উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি। একই সঙ্গে উত্তরপ্রদেশ ও নেপালের উপর তৈরি ঘূর্ণাবর্তটিও জলীয় বাষ্প শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে।’
একসঙ্গে এই তিন ‘ওয়েদার সিস্টেম’ উত্তর ভারতে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির পরিবেশ তৈরি করবে। আবহবিদরা জানাচ্ছেন, বায়ুমণ্ডলের উপর দিকে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত জোরালো বাতাসের স্রোত (জেট স্ট্রিম) ওই বজ্রগর্ভ মেঘকে পূর্ব দিকে ঠেলে সরিয়ে দেবে। তারই ফলে কাল, শনিবার থেকেই আবহাওয়ার বদল হবে বলে মনে করা হচ্ছে। রবিবার থেকে কলকাতা–সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আংশিক মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও।
আবহাওয়া দপ্তর সূত্রের খবর, প্রথম দফা শেষ হতে না–হতেই রাজ্যে দ্বিতীয় দফার ঝড়–বৃষ্টির প্রস্তুতি শুরু হবে। আগামী সপ্তাহের মাঝামাঝি নাগাদ নতুন করে একটি পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন বঙ্গোপসাগরের মধ্য ভাগে একটি উচ্চচাপ অঞ্চল তৈরি হবে। ওই উচ্চচাপের ঠেলে দেওয়া আর্দ্রতা ঢুকে আসবে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে। এর ফলে যে ঝড়ের আবহ তৈরি হবে, সেটাই উত্তরবঙ্গের সমতলভূমির আবহাওয়ার উপর প্রভাব ফেলতে চলেছে।
এর ফলে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের কিছু অংশের সমতল এলাকায় প্রবল দমকা হাওয়া, ঘণ্টায় ৩০–৪০ মিলিমিটার বৃষ্টি (মাইক্রোবার্স্ট) এবং কিছু এলাকায় টর্নেডোর মতো ঝড়ও হতে পারে। ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও হুগলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।