সুনন্দ ঘোষ
নরওয়ে থেকে ডেনমার্কের ফ্লাইট ধরার তাড়া ছিল। তার মাঝেই ফোনে জানালেন, যুদ্ধের চক্করে ইতিমধ্যেই ৫৫ লক্ষ টাকার ক্ষতি হয়ে গিয়েছে তাঁর।
কলকাতায় বসে ট্র্যাভেল এজেন্সি চালান সম্বুদ্ধ ঘোষ। সারা বিশ্ব জুড়ে কোথাও না কোথাও আটকে পড়়েছেন তাঁর ট্যুরিস্ট। তাঁদের ফেরানোর ব্যবস্থা করতে ঘুরে বেড়াচ্ছেন এ দেশ থেকে সে দেশে। এর মাঝেই বৃহস্পতিবার হোয়াটসঅ্যাপ কলে ধরলে বলেন, ‘৫৫ লক্ষের বাইরে আর কত খরচ হবে জানি না।’
কলকাতা থেকে ইজিপ্ট বেড়াতে গিয়ে আটকে পড়েছেন সল্টলেকের কাঞ্চন মুখোপাধ্যায়রা। সিনিয়র সিটিজ়েন। বুধবার ‘এই সময়’–কে জানিয়েছিলেন, সাত মার্চে ফ্লাইট পেতে পারেন। তিনি গিয়েছেন অন্য এজেন্সির সঙ্গে। সম্বুদ্ধ তাঁর ক্লায়েন্টদের অতদিন কায়রোয় ফেলে রাখতে নারাজ।
সম্বুদ্ধ–র সংস্থার ব্যবস্থাপনায় কলকাতা থেকে এমিরেটস–এর ফ্লাইটে দুবাই হয়ে ১৮ ফেব্রুয়ারি কায়রো পৌঁছন ৪৬ জনের দল। যাতায়াতে এক এক জনের ফ্লাইটে লেগেছিল ৬৫ হাজার টাকা। ২৮ ফেব্রুয়ারি ফেরার দিন জানা যায় যুদ্ধের কারণে ফ্লাইট বাতিল করেছে এমিরেটস। তড়িঘড়ি ইজিপশিয়ান এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করেন সম্বুদ্ধ। ২ মার্চ তাদের ফ্লাইটে ২০ জনের জায়গা হয়। এক একটি টিকিটের জন্য আবার ৬০ হাজার টাকা লাগে। কায়রো থেকে দিল্লি ইজিপশিয়ান ফ্লাইট। দিল্লি থেকে কলকাতা এয়ার ইন্ডিয়া। সেই ২০ জনের মধ্যে রয়েছেন বেহালার ৬৪ বছরের বিধান চক্রবর্তী। এ দিন ফোনে বলেন, ‘২৮ তারিখ ফ্লাইট ক্যানসেলড হওয়ার পরে হোটেলে থাকা–খাওয়ার খরচ নিয়ে ভাবতে হয়নি। ২ মার্চ কলকাতায় ফিরেছি। তবে তার আগে ইজিপশিয়ান ফ্লাইট পেতে কালঘাম ছুটে গিয়েছে। ১ মার্চ বিকেল সাড়ে পাঁচটায় কায়রো এয়ারপোর্টে গিয়েছিলাম ফ্লাইট ধরতে। প্রথমে ডিলে ও পরে টেকনিক্যাল ফল্টের কারণে ফ্লাইট ছাড়ে ২ মার্চ সকালে। আমাদের সারা রাত বিমানবন্দরে বসিয়ে রাখা হয়। আধসেদ্ধ চাল আর বিনস–গাজর সেদ্ধ খেতে দেয়।’
কায়রোয় আটকে থাকা বাকি ২৬ জন বৃহস্পতিবার রাতে একই ভাবে ইজিপশিয়ান ফ্লাইটে দিল্লি হয়ে আজ শুক্রবার কলকাতায় ফিরছেন। সম্বুদ্ধ জানিয়েছেন, এঁদের জন্যও আলাদা করে টিকিট কাটতে হয়েছে। এর বাইরে রয়েছে এঁদের হোটেলে থাকা–খাওয়ার খরচ। কেন স্থানীয় সরকার বা এয়ারলাইন্স দেয়নি? সম্বুদ্ধ বলেন, ‘একটা টাকাও কেউ দেয়নি। পরে এমিরেটসও এক পিঠের টিকিটের জন্য কত টাকা ফেরত দেবে জানি না।’
এখানেই শেষ নয়। তাঁর দায়িত্বে আজ, শুক্রবার এমিরেটসের ফ্লাইটে কলকাতা থেকে আর্জেন্টিনার বুয়েনস আইরেস হয়ে আন্টার্কটিকা যাওয়ার কথা ১১ জনের। সেই ফ্লাইটও বাতিল। যাতায়াতের এক একটা টিকিট কাটা ছিল ২ লক্ষ ৫ হাজার টাকা দিয়ে। এখন মুম্বই হয়ে ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে আদিস আবাবা হয়ে বুয়েনস আইরেস যাবে সেই দল। নতুন করে ৩ লক্ষ ৩৫ হাজার টাকা দিয়ে আবার এক একটা টিকিট কাটতে হয়েছে। সম্বুদ্ধ–র কথায়, ‘এটাও আমাদের পকেট থেকে গিয়েছে। আরও যাত্রী আটকে রয়েছেন। টাকার অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়াবে জানি না।’