• শহরে ফিরলেন নওশাদরা, যুদ্ধের জেরে এখনও আটকে বহু মানুষ
    এই সময় | ০৬ মার্চ ২০২৬
  • এই সময়: ১১৩ ঘণ্টা ৫ মিনিট পরে পশ্চিম এশিয়ার ফ্লাইট ছুঁল কলকাতা বিমানবন্দরের রানওয়ে। ২৮ ফেব্রুয়ারি সকাল ৯টা ৩৫ মিনিটে এমিরেটস শহর ছাড়ার পরে যুদ্ধের আবহে বন্ধ হয়ে যায় কলকাতা থেকে পশ্চিমের সমস্ত ইন্টারন্যাশনাল ফ্লাইট। ভারতীয় সময় বুধবার মাঝ রাত ২টো ৪০ মিনিটে সংযুক্ত আরব আমিরশাহির–ই বেসরকারি সংস্থা ফ্লাই দুবাইয়ের বিশেষ ফ্লাইট নামে কলকাতায়। গত কয়েক দিন ধরে মরুশহরে আটকে পড়া অসংখ্য বাঙালিদের মধ্যে ১৩০ জন ফিরে আসেন শহরে। ওই ফ্লাইটেই শহর থেকে ৫৩ জন উড়ে গিয়েছেন দুবাই।

    শহরে ফেরা যাত্রীদের মধ্যে ছিলেন খিদিরপুরের নওশাদ আলি। মোবাইলের ব্যবসা করেন। প্রতি মাসে বার পাঁচেক দুবাই যান বলে তাঁর দাবি। সেখানে ভাড়ায় ঘরও নেওয়া আছে তাঁর। বলছেন, ‘আমার ফেরার কথা ছিল ২৮ ফেব্রুয়ারি। সে দিন থেকেই ফ্লাইট বাতিল। এয়ারলাইন্স আমাদের হোটেলে রেখেছিল। দুবাই শহর কিন্তু একেবারে স্বাভাবিক। শুধু ফ্লাইট চলছে না। বোমা–টোমা যা পড়ছে তা ১৫–২০ কিলোমিটার দূরে। আমার পরিবার টেনশন করছিল। রাস্তায় বেরিয়ে তাদের ভিডিয়ো কল করে দেখিয়েছি সব মার্কেট খোলা। একেবারে নর্মাল।’

    বৃহস্পতিবারেও দুবাই থেকে বেশ কিছু ফ্লাইট অপারেট করেছে। গত দু’দিন ধরেই খোলা থাকছে দুবাইয়ের আকাশ। আবারও প্রশ্ন উঠেছে, দুবাইয়ের আশপাশের আকাশ দিয়ে যখন ড্রোন–মিসাইল উড়ে যাচ্ছে, তখন সেখান থেকে যাত্রী–বিমান চালানোটা কতটা নিরাপদ হচ্ছে। তবে এমিরেটসের যে ফ্লাইট ইউরোপ যাচ্ছে, সেগুলো টেক–অফের পরে অনেকটাই নীচের দিকে নেমে ওমান এবং সৌদি আরবের আকাশ ঘুরে যাচ্ছে। এড়িয়ে যাচ্ছে হরমুজ় প্রণালীও।

    বৃহস্পতিবার এমিরেটস এয়ারলাইন্স জানিয়েছে, এ দিন এবং শুক্রবার মিলিয়ে তারা দুবাই থেকে ২০০–র মতো ফ্লাইট অপারেট করবে। এতে আটকে পড়া কিছু যাত্রীদের ফেরানো সম্ভব হবে। পাশাপাশি বহু মালপত্র বা কার্গোও আটকে রয়েছে দুবাইয়ে। সে দেশে আসতেও পারছে না বহু কার্গো। তার মধ্যে ফল–আনাজ–মাছের মতো পচনশীল সামগ্রীও রয়েছে। সাধারণ যাত্রী–বিমানে সেই সব কার্গোও যাতায়াত করছে।

    তবে বৃহস্পতিবারে ফ্লাই দুবাই ছাড়া পশ্চিমের দেশ থেকে আর কোনও ফ্লাইট কলকাতায় নামেনি। কলকাতা থেকে বাতিল হয়েছে এমিরেটস, কাতার এয়াওয়েজ় এবং ইতিহাদের ফ্লাইট। দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু–সহ ভারতের অন্য কিছু শহর থেকে যদিও দুবাইয়ের ফ্লাইট যাতায়াত করেছে। বৃহস্পতিবার রাতের ‘ফ্লাইটরেডার–টোয়েন্টিফোর’ এর স্যাটেলাইট পিকচার দেখাচ্ছে, পশ্চিম এশিয়ার এক বিস্তীর্ণ এলাকা জুড়ে আকাশ একেবারে খালি। কোনও বিমান উড়ছে না। তার মধ্য ইরান, ইরাক ছাড়াও রয়েছে কাতার, লেবানন, সিরিয়া, জর্ডনের মতো দেশও। শুধু দুবাই থেকেই ফ্লাইট অপারেট করছে।

    বহু দেশের বহু নাগরিক এখনও আটকে রয়েছেন বিভিন্ন দেশে। পশ্চিম এশিয়ার আকাশ এড়িয়ে যেতে হবে বলে ইউরোপ, আমেরিকা বহু ফ্লাইট বাতিল করছে। ভারত থেকেও এয়ার ইন্ডিয়া, ইন্ডিগোর অনেক ফ্লাইট বাতিল হয়েছে। আটকে পড়া যাত্রীদের ফেরাতে অনেকে বিমান ভাড়াও করছেন। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট দল এরকমই ভাড়া করা বিমানে ভারত থেকে নিজেদের দেশে ফিরেছে।

    এই যুদ্ধ পরিস্থিতির জেরে চরম উদ্বেগে দিন কাটছে দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের মহেন্দ্রগঞ্জ এলাকার কয়েকটি পরিবারের। কাজের সূত্রে দুবাইয়ে থাকা এলাকার বাসিন্দা দীপক চন্দ্র আর্য ভিডিয়ো কলের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন। শুধু মহেন্দ্রগঞ্জই নয়, মন্দিরতলা ও চক ফুলডুবি এলাকারও একাধিক যুবক বর্তমানে দুবাইয়ে আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। প্রিয়জনদের নিরাপত্তা এবং দ্রুত দেশে ফেরানোর দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছে পরিবারগুলি। পরিস্থিতি মোকাবিলায় সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে ব্লক অফিসে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রশাসনের আশ্বাস, তাদের নিরাপদে ফেরাতে উচ্চপর্যায়ে চেষ্টা চলছে।

  • Link to this news (এই সময়)