অরিন্দম বন্দ্যোপাধ্যায়, নয়াদিল্লি
সর্বশক্তি প্রয়োগ করেই বাংলার বিধানসভা নির্বাচনে লড়াই করবে কংগ্রেস— সাফ জানানো হলো দলের তরফে৷ সূত্রের দাবি, বাংলাকে চারটি ভাগে ভাগ করে ভোট প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ উত্তর, দক্ষিণ, মধ্য এবং জঙ্গলমহল— রাজ্যের এই চারটি অংশের জন্য কংগ্রেস আলাদা করে নির্বাচনী প্রচারের পরিকল্পনা করেছে৷ দিল্লিতে দলীয় সূত্রের দাবি, উত্তরবঙ্গে দলের প্রচারের মুখ হবেন ওয়েনাড়ের সাংসদ, দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী৷ দলের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় রোড শো এবং বড় জনসভাও করতে পারেন প্রিয়াঙ্কা৷ দক্ষিণবঙ্গে প্রচারের দায়িত্ব সামাল দেবেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী৷ এর পাশাপাশি হাওড়া ও কলকাতার বিভিন্ন আসনের প্রচার কৌশলও স্থির করবেন রাহুল নিজেই৷ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাকে বেছে নিয়ে গোটা দুয়েক বড় জনসভা করতে পারেন তিনি৷ পাশাপাশি কলকাতায় রোড শো এবং হাওড়ায় একটি বড় নির্বাচনী জনসভা করতে পারেন রাহুল৷ তাঁর সঙ্গে যোগ দিতে পারেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে–সহ দলের প্রথম সারির একাধিক নেতা–নেত্রী৷
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে একলা চলো নীতি নিয়েই এগনোর কথা জানিয়েছে কংগ্রেস হাইকম্যান্ড৷ বাংলার ২৯৪টি বিধানসভা আসনেই কংগ্রেস নিজেরা প্রার্থী দিতে চায়৷ এই লড়াইয়ে তৃণমূল এবং বিজেপিকে কড়া চ্যালেঞ্জ জানানোর জন্য দলের নেতা-কর্মীদের সর্বশক্তি প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন খাড়গে এবং রাহুল, এমনই দাবি দলীয় সূত্রের৷ এই প্রসঙ্গেই কংগ্রেস পাখির চোখ করতে চাইছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ৪৩টি বিধানসভা আসনকে৷ কংগ্রেস হাইকম্যান্ড মনে করছে, সংখ্যালঘু অধ্যুষিত আসনগুলিতে সর্বশক্তি প্রয়োগ করে সুপরিকল্পিত ভাবে এগোলে ভালো ফল হবেই৷
বাড়তি নজর দেওয়া হচ্ছে মুর্শিদাবাদ, মালদা–সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার আসনে৷ উত্তরবঙ্গের বেশ কয়েকটি আসনে তৃণমূলের সাংগঠনিক শক্তি ভালো নয়, এমনটাই মনে করছেন কংগ্রেস নেতৃত্ব৷ সেখানে বিজেপি এবং তৃণমূলের ভোটব্যাঙ্কে ফাটল ধরাতে পারলে দল ভালো ফল করবেই, এই বিশ্বাস নিয়েই ভোট প্রচারের পরিকল্পনা করছে কংগ্রেস হাইকম্যান্ড৷ উত্তরবঙ্গের এই আসনগুলিতে শতাব্দী প্রাচীন দলের সেরা বাজি হতে পারেন প্রিয়াঙ্কা৷ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের জন্য দলের নির্বাচনী প্রচার পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কোনও মন্তব্য না করে এআইসিসি নেতা গুলাম আহমেদ মীরের দাবি, ‘কংগ্রেস পূর্ণ শক্তিতে বাংলায় ঝাঁপাবে৷ আমাদের সিনিয়র লিডারশিপও অংশগ্রহণ করবেন৷’