এই সময়: রোজা রাখার মাস রমজানে বড়সড় বিপত্তির মুখে ষোড়শী। বোরখা আটকানোর পিন মুখে রাখতে গিয়ে আচমকা ভুল করে গিলে ফেলায় তা শ্বাসনালীর ডানদিকের ব্রঙ্কাসে আটকে যায় কিশোরীর। তৎপর চিকিৎসকদের উদ্যোগে সফল অস্ত্রোপচারে বৃহস্পতিবার প্রাণে বাঁচল মধ্য কলকাতার বউবাজারের বছর ষোলোর কিশোরী সাজ়দা পারভিন। আপাতত স্থিতিশীল রয়েছে ওই কিশোরী।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত প্রায় ৮টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। পিনটি গলায় চলে যাওয়ার পর তা সরাসরি শ্বাসনালীর একটি বড় শাখা ব্রঙ্কাসে গিয়ে আটকে যায়। বুধবার বিকেল ৫টা নাগাদ তাঁকে নিয়ে আসা হয় কলকাতা মেডিক্যালের ইমার্জেন্সিতে। জরুরি ভিত্তিতে ইএনটি বিভাগের চিকিৎসকরা তাকে পরীক্ষা করেন। সে সময় তাঁর শ্বাসকষ্ট না থাকলেও যে কোনও কিছু গিলতে গেলে বুকে–গলায় তীব্র ব্যথা ও অস্বস্তি ছিল। চিকিৎসকরা দ্রুত তাকে ভর্তি করে নেন। চেস্ট এক্সরে ও সিটি স্ক্যানে ধরা পড়ে, ডানদিকের ব্রঙ্কাসে আটকে রয়েছে ৩ সেন্টিমিটার লম্বা ধাতব পিনটি। বিশেষজ্ঞদের মতে, ডান ব্রঙ্কাস তুলনামূলক ভাবে চওড়া হওয়ায় এ ধরনের ফরেন বডি প্রায়ই সেখানে চলে গিয়ে আটকে পড়ে।
বৃহস্পতিবার সকালে ইএনটি বিভাগের মূল অপারেশন থিয়েটারে রিজিড ব্রঙ্কোস্কপি পদ্ধতিতে অস্ত্রোপচার করা হয়। বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর দীপ্তাংশু মুখোপাধ্যায়ের নেতৃত্বে দলগত প্রচেষ্টায় সফল ভাবে পিনটি বের করে আনা হয়। ইএনটি অপারেশনের দলে ছিলেন চিকিৎসক সুদীপকুমার দাস, তাপস রায় ও নয়না দাস। তাঁদের যৌগ্য সঙ্গত করেন অ্যানাস্থেশিয়া বিভাগের চিকিৎসক দেবাশিস ঘোষ ও আত্রেয়ী বসু। চিকিৎসকদের দাবি, পুরো প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। আপাতত ওই কিশোরী সুস্থ রয়েছে। তাকে ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিবারের তরফে মেডিক্যালের চিকিৎসকদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।