• অসমে ভারতীয় বায়ুসেনার সুখোই জেট ক্র্যাশ, নিহত ২ পাইলট
    এই সময় | ০৬ মার্চ ২০২৬
  • আবারও দুর্ঘটনার মুখে সুখোই জেট। অসমের কার্বি আংলং জেলায় ভেঙে পড়ল ভারতীয় বিমান বাহিনীর (Indian Air force) একটি সুখোই Su-30MKI যুদ্ধবিমান। বৃহস্পতিবার সন্ধ্যায় নিয়মিত প্রশিক্ষণের সময়েই ঘটে দুর্ঘটনাটি। সুখোইয়ে (Sukhoi Su-30 MKI fighter jet) থাকা দুই এয়ার ফোর্স পাইলটেরই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বায়ুসেনা।

    নিহত দুই পাইলটরা হলেন স্কোয়াড্রন লিডার অনুজ (Sqn Ldr Anuj) এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুরাগকর (Flt Lt Purvesh Duragkar)। এক্স হ্যান্ডলে শোক প্রকাশ করে ভারতীয় বায়ুসেনা লিখেছে,‘দুই সহকর্মীর মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। নিহতদের পরিজনের প্রতি আমাদের সমবেদনা রইল।’

    বৃহস্পতিবার অসমের জোড়হাট থেকে উড়েছিল সুখোই যুদ্ধবিমানটি। তার পরেই তাদের সঙ্গে রেডারে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। IAF তাদের X হ্যান্ডলে রাতেই বিমানের নিখোঁজ হওয়ার খবর জানিয়েছিল। এদিন ভোরে তাদের তরফেই নিশ্চিত করা হয় যে সুখোইটি ভেঙে পড়েছে। জোড়হাট বিমানঘাঁটি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কার্বি আংলংয়ের একটি পাহাড়ি এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে।

    এর আগে ২০২৪ সালের জুনেও দুর্ঘটনায় পড়েছিল সুখোই SU 30MKI. সে বার মহারাষ্ট্রের নাসিকে দুর্ঘটনায় পড়েছিল এই যুদ্ধবিমান। যদিও পাইলট ও কো-পাইলট বিপন্মুক্ত ছিলেন।

    Sukhoi Su 30MKI দু’টি আসনের টুইনজেট ৪.৫ জেনারেশনের ফাইটার জেট। আকাশ যুদ্ধে দাপট দেখাতে ব্যবহার করা হয় এই বিমান। রাশিয়ার সুখোইয়ের হাতে তৈরি এই বিমানের ডিজ়াইন। ভারতের HAL এই যুদ্ধবিমান উৎপাদন করে। ব্রহ্মোস মিসাইল ছুঁড়তে সক্ষম এই যুদ্ধবিমান। বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর বহরে ২০০টিরও বেশি সুখোই জেট রয়েছে।

  • Link to this news (এই সময়)