এই সময়, মধ্যমগ্রাম: বুধবার মধ্যমগ্রামের অগ্নিকাণ্ডে একের পর এক গ্যাসের সিলিন্ডার ফাটছিল। কালো ধোঁয়া আর কুণ্ডলী পাকানো আগুনে ঢুকতে সাহস পাচ্ছিলেন না অভিজ্ঞ দমকল কর্মীরাও। কিন্তু ওই অবস্থাতেও অগ্নিকুণ্ডে ঢুকে একের পর এক মানুষকে বের করে এনেছিলেন স্থানীয় ব্যবসায়ী প্রীতম ঘোষ ওরফে বুড়ো। গ্যাস সিলিন্ডার ফেটে উল্টে গুরুতর জখম প্রীতম ভর্তি বাইপাসের একটি বেসরকারি নার্সিংহোমের বার্ন ইউনিটে। সেখানে আইসিইউতে চিকিৎসা চলছে তাঁর। অসমসাহসী প্রীতমের এই ভূমিকায় দলমত নির্বিশেষে প্রশংসা করছেন মধ্যমগ্রামের সকলেই।
এ দিকে, মধ্যমগ্রামে আগুনের ঘটনায় রেস্তোরাঁ মালিক বিকাশ মালিকে বুধবার রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বেআইনি ভাবে একাধিক গ্যাসের সিলিন্ডার মজুত করা ও অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকায় অভিযোগের ধারায় মামলা রুজু করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে বারাসত আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
বুধবার দুপুরে আগুনে পুড়ে মৃত্যু হয়েছিল রেস্তোরাঁর কর্মী বসিরহাটের উত্তর বাগুন্ডি গ্রামের ৭০ বছরের বৃদ্ধ দিলীপ শীলের। জানা গিয়েছে আগুন লাগার পর তিনি দোকান থেকে বাইরে বেরিয়ে এসেছিলেন। কিন্তু ফের রেস্তোরাঁয় ঢুকেছিলেন জামার পকেট থেকে টাকা আনার জন্য। চারদিকে আগুনের ঘেরাটোপে পড়ে গিয়ে ঝলসে মৃত্যু হয় দিলীপের।
মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ বলেন, 'মৃতের পরিবারের সঙ্গে কথা হয়েছে। আগুন নিয়ে স্থানীয় পুলিশ, পুরসভা আধিকারিক ও ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করা হবে।' মধ্যমগ্রাম থানার পুলিশ জানিয়েছে, ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শনে আসবেন। তাদের নমুনা সংগ্রহের জন্য পুরো জায়গা ব্যারিকেড করে দেওয়া হয়েছে।
অন্যদিকে, এ দিন দুপুরে যশোহর রোড লাগোয়া একটি বহুতল আবাসনের একটি ফ্ল্যাটে আগুন লাগে। দমকলের দু'টি ইঞ্জিন এসে ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফ্ল্যাটের একটি ঘর, ডাইনিং রুম ও বারান্দা পুড়ে গিয়েছে। এ দিন আগুন আর কালো ধোঁয়ায় ভরে যায় গোটা আবাসন। আতঙ্কে বাসিন্দারা ফ্ল্যাট ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। দমকলের প্রাথমিক ধারণা শর্ট সার্কিট থেকেই ওই ফ্ল্যাটে আগুন লেগেছে।