• নিজের ছবি দিয়ে ডাকটিকিট, পাঠানো যাবে চিঠি ও পার্সেলও
    এই সময় | ০৬ মার্চ ২০২৬
  • এই সময়, জলপাইগুড়ি: ইতিহাস, সংস্কৃতি বা মনীষীদের ছবির পাশাপাশি এ বার ডাকটিকিটে (Postal Stamp) আপনি নিজের বা আপনজনের ছবিও বানাতে পারবেন। শুধু তাই নয়, ওই ডাকটিকিট লাগিয়ে চিঠি বা পার্সেল পাঠানো যাবে। রাজ্যের বড় শহরে ডাকবিভাগ (Postal Department) এই ব্যবস্থা চালু করেছে আগেই। এখন থেকে জেলাতেও মিলবে এই পরিষেবা। ভারতীয় ডাক বিভাগ এর নাম দিয়েছে ‘মাই স্ট্যাম্প’। জলপাইগুড়ি প্রধান ডাকঘর থেকে জানানো হয়েছে, যে কেউ তৈরি করতে পারবেন এই পোস্টাল স্ট্যাম্প। তবে এ জন্য দিতে হবে একটি পাশপোর্ট ছবি ও ৩০০ টাকা। মোট ১২টি স্ট্যম্প তৈরি করে দেবে ডাক বিভাগ। ডিজিটাল যুগে যখন চিঠির চল কমছে, তখন এমন উদ্যোগ ফের ডাক ব্যবস্থার সঙ্গে মানুষের আবেগকে জুড়ে দিয়েছে।

    জানা গিয়েছে, ডাকটিকিটকে আরও জনপ্রিয় করে তুলতে জেলায় জেলায় এই পরিষেবা চালু করছে ডাকবিভাগ। সাধারণ মানুষ যাতে জন্মদিন, বিয়ের অনুষ্ঠান বা যে কোনও শুভ মুহূর্তগুলিকে স্মরণীয় করে রাখতে পারেন, সেই কারণে এই ব্যবস্থা। বৃহস্পতিবার জলপাইগুড়ি প্রধান ডাকঘরের সিনিয়র পোস্ট মাস্টার দেবজ্যোতি ভট্টাচার্য বলেন, ‘এটা ডাক বিভাগের একটি ইউনিক কনসেপ্ট। নিজের বা প্রিয়জনের ছবি দেওয়া এই ডাকটিকিট স্মৃতি হিসেবে রাখার জন্য ভালো উপহার হতে পারে। এই ডাকটিকিট লাগিয়ে চিঠি বা পার্সেল দেশের যে কোনও জায়গায় এমনকী বিদেশেও পাঠানো যাবে।’ তাঁর সংযোজন, ‘এই টিকিট তৈরি করতে বেশ কয়েকটি ফ্রেম রয়েছে। গ্রাহক নিজের পছন্দ মতো ফ্রেম নির্বাচন করতে পারবেন। একটি ফ্রেমে ১২টি টিকিট থাকবে। যার মূল্য ৫ টাকা। ইতিমধ্যে মাই স্ট্যাম্প নিয়ে ভালো সাড়া পড়েছে।’

    ‘মাই স্ট্যাম্প’ নিয়ে শুধু পোস্ট অফিসের কাউন্টারে প্রচার নয়, জলপাইগুড়ির বিভিন্ন স্কুল–কলেজে প্রচার শুরু করেছে ডাক বিভাগ। ‘মাই স্ট্যাম্প’ তৈরি করতে এ দিন পোস্ট অফিসে হাজির হয়েছিলেন কলেজ ছাত্র দীপক বারোয়া। বিহারের বাসিন্দা এই ছাত্র জানিয়েছেন, পোস্ট অফিসে চিঠি পাঠাতে এসে ‘মাই স্ট্যাম্প’–এর বিজ্ঞাপন দেখে তাঁর মনে হয়েছে, বন্ধুকে উপহার দেওয়ার জন্য এর থেকে ভালো কিছু হতে পারে না। কেন? তিনি বলেন, ‘বন্ধুর বিয়ে উপলক্ষে কিছুদিনের মধ্যে বাড়ি যাব। স্ট্যাম্প তৈরি করার জন্য বন্ধুর ছবি এবং টাকা দিলাম। এত দিন মনীষী বা বিশেষ দিনকে স্মরণ করে ডাকটিকিট ছাপানো হতো। এখন চোখের সামনেই তৈরি হচ্ছে স্মৃতির দলিল। ’ ডাক বিভাগ সূত্রে জানা গিয়েছে, উপহার হিসেবে ব্যক্তিগত ডাকটিকিট এখন অনেকেরই প্রথম পছন্দ।

  • Link to this news (এই সময়)