• প্রাইভেট স্বাস্থ্য প্রতিষ্ঠানেও বিনামূল্যে জরায়ুমুখের ক্যান্সারের টিকা, নির্দেশিকা সরকারের
    এই সময় | ০৬ মার্চ ২০২৬
  • এই সময়: জরায়ুমুখের ক্যান্সার রুখতে টিকাকরণ কর্মসূচিতে ফাঁক রাখতে চাইছে না রাজ্য সরকার। তাই সরকারি হাসপাতালের পাশাপাশি এ বার বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকেও বিনামূল্যে মিলবে এইচপিভি ভ্যাকসিন। তবে এ ক্ষেত্রে বেসরকারি হাসপাতালগুলির জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা বা এসওপি জারি করেছে স্বাস্থ্য দপ্তর। জানানো হয়েছে, এই টিকার জন্য গ্রাহকের কাছ থেকে কোনও ‘সার্ভিস চার্জ’ বা ফি নেওয়া যাবে না।

    নির্দেশিকায় বলা হয়েছে, এই টিকাকরণে আগ্রহী বেসরকারি হাসপাতালগুলিকে আবেদন জানাতে হবে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে। সপ্তাহে সর্বোচ্চ দু’দিন টিকা দেওয়া যাবে। ‘কোল্ড–চেন’ থেকে ভ্যাকসিন সংগ্রহ, সেশন শেষে ব্যবহৃত খালি ভায়াল এবং অব্যবহৃত ভর্তি ভায়াল ফেরানোর দায়িত্ব সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রতিষ্ঠানের। ৪ ঘণ্টা আগে খোলা ভায়াল ব্যবহার করা যাবে না। কোনও অনিয়ম ধরা পড়লে বা গ্রাহকের থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠলে ওই টিকাকরণ কেন্দ্র সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে বলে খবর। টিকাকরণের আগে সরকারি প্রতিনিধিদের উপস্থিতিতে প্রশিক্ষণ হবে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের। ‘ইউ-উইন’ পোর্টালে ভ্যাকসিনেশনের তথ্য নথিভুক্তি করাও বাধ্যতামূলক।

    যেখানে টিকা দেওয়া হবে, সেই কেন্দ্রে পর্যাপ্ত আলো-বাতাস, হাত ধোওয়ার ব্যবস্থা এবং ভ্যাকসিনেশনের পরে অন্তত ৩০ মিনিট পর্যবেক্ষণে রাখতে আলাদা ঘরের বন্দোবস্ত রাখা বাধ্যতামূলক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এবং ইউনিসেফের আধিকারিকরা যে কোনও সময়ে কেন্দ্রগুলি পরিদর্শনে যেতে পারেন। প্রতিটি কেন্দ্রে একজন মেডিক্যাল অফিসারের উপস্থিতি বাধ্যতামূলক।

  • Link to this news (এই সময়)