নিজস্ব প্রতিনিধি, বরানগর: ভরসন্ধ্যায় এটিএম লুটের চেষ্টা। বৃহস্পতিবার সন্ধ্যায় সোদপুর কালীতলা ঘোষপাড়া এলাকার তীব্র চাঞ্চল্য ছড়ায়। দুষ্কৃতীরা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে ঢুকে সিসি ক্যামেরা বন্ধ করে টাকা লুটের চেষ্টা করে। স্থানীয়দের তৎপরতায় এক দুষ্কৃতী ধরা পড়ে। ঘোলা থানার পুলিশ জানিয়েছে, বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। কালীতলার ঘোষপাড়ার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম রয়েছে। ওই এটিএমে খুব বেশি গ্রাহকের চাপ থাকে না। সন্ধ্যার দিকে কার্যত ফাঁকাই থাকে। এদিন দুষ্কৃতীরা ফাঁকা এটিএমে ঢোকে। প্রথমে সিসি ক্যামেরা সেলোটেপ দিয়ে আটকে দেয়। এরপর এটিএম ভাঙার চেষ্টা করে বলে অভিযোগ। ওই সময় স্থানীয় এক ব্যক্তি টাকা তুলতে আসেন। তাঁর সন্দেহ হওয়ায় স্থানীয়দের বিষয়টি জানান। এরপর স্থানীয় লোকজন চলে আসেন এটিএমের সামনে। আচমকা ভিড় বাড়ছে দেখে এটিএমের বাইরে দাঁড়ানো দুই যুবক চম্পট দেয়। কিন্তু স্থানীয়রা এটিএমের দরজা বন্ধ করে দেন। খবর পেয়ে দ্রুত ঘোলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ক্ষিপ্ত জনতা ওই দুষ্কৃতীকে মারধর করে।