• টাকা তছরূপের অভিযোগে গ্রেপ্তার সমবায় সমিতির প্রাক্তন সম্পাদক
    বর্তমান | ০৬ মার্চ ২০২৬
  • সংবাদদাতা, কাকদ্বীপ: প্রায় ৩৩ লক্ষ টাকা তছরূপের অভিযোগে এক সমবায় সমিতির প্রাক্তন সম্পাদককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম সমরেন্দ্রনাথ দলুই। বৃহস্পতিবার ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়। জানা গিয়েছে, ২০১৬ সালের ডিসেম্বর মাসে দুর্গাচটি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম সুরেন্দ্রনগর সমবায় সমিতির নির্বাচন ছিল। সেই নির্বাচনে সিপিএম ও কংগ্রেস জোট জয়লাভ করে সমবায় সমিতি দখল করেছিল। তখন সমরেন্দ্রনাথকে সম্পাদক হিসেবে নির্বাচন করা হয়েছিল। তাঁর এই পদের মেয়াদ ছিল ২০২১ সালের নভেম্বর মাস পর্যন্ত। কিন্তু ২০১৮ সালের শেষের দিকে আর্থিক তছরূপের অভিযোগে তাঁকে সমবায় সমিতির দায়িত্ব থেকে অপসারণ করা হয়। এরপরই তাঁর বিরুদ্ধে গ্রামবাসীরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে আর্থিক তছরূপের অভিযোগ তুলে একটি লিখিত দরখাস্ত জমা দিয়েছিলেন।

    এদিকে, ২০২৫ সালে এই সমবায় সমিতির নির্বাচনে সিপিএম ও কংগ্রেস জোটের পরাজয় হয়। বর্তমান পশ্চিম সুরেন্দ্রনগর সমবায় বাঁচাও মঞ্চ ক্ষমতায় রয়েছে। এই মঞ্চের সদস্যরা ডিসেম্বর মাসে পাথরপ্রতিমা থানায় সমরেন্দ্রনাথের নামে আবারও একটি অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে পুলিশ তাঁকে সোনারপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে, বিচারক পাঁচদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন।
  • Link to this news (বর্তমান)