• আইসিডিএস সেন্টারের খাবারে টিকটিকি, খেয়ে অসুস্থ ১৫ শিশু, হাসপাতালে নিজেই চিকিৎসা করলেন বিধায়ক
    বর্তমান | ০৬ মার্চ ২০২৬
  • সংবাদদাতা, বারুইপুর: আইসিডিএস সেন্টারের রান্না করা খাবারে টিকটিকি পড়ে গিয়েছিল। সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে সেন্টারের ১৫ জন শিশু। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে রায়দিঘির নগেন্দ্রপুর উত্তরপাড়ার আইসিডিএস সেন্টারে। খাবার খেয়ে বমি করতে শুরু করেছিল শিশুরা। বিধায়ক ডাঃ অলোক জলদাতা এই খবর পেয়ে দ্রুত গ্রামে অ্যাম্বুলেন্স পাঠান। শিশুদের আনা হয় রায়দিঘি গ্রামীণ হাসপাতালে। সেখানে বিধায়ক পৌঁছে নিজেই তাঁদের চিকিৎসা শুরু করেন। কয়েক ঘণ্টা পর্যবেক্ষণে রেখে প্রাথমিক চিকিৎসার পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। বিধায়ক বলেন, শিশুদের সুস্থ করতে নিজেই চিকিৎসা শুরু করেছিলাম। পাশাপাশি, শিশুদের কী করে ওই খাবার দেওয়া হল, তা জানতে চাওয়া হয়েছে আইসিডিএস সেন্টারের দায়িত্বপ্রাপ্তদের কাছে। এদিন শিশুদের অসুস্থতার খবর চাউর হতেই অভিভাবকরা ভিড় করেন ওই কেন্দ্রের সামনে। কেন খাবার ঠিক মতো দেওয়া হল না, এই নিয়ে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। তবে দ্রুত অ্যাম্বুলেন্স এনে শিশুদের হাসপাতালে পাঠানোয় অভিভাবকরা খুশি। তাঁরা বিধায়কের ভূমিকার প্রশংসা করেছেন।
  • Link to this news (বর্তমান)