ইসালে সওয়াবে ১০ লক্ষের সমাগম হতে পারে ফুরফুরা শরিফে, ড্রোনে নজরদারি চালানো হবে
বর্তমান | ০৬ মার্চ ২০২৬
সংবাদদাতা, তারকেশ্বর: আজ, শুক্রবার ফুরফুরা শরিফে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী ইসালে সওয়াব। বৃহস্পতিবার এই বিষয়ে ফুরফুরা উজলপুকুর কন্ট্রোল রুমে প্রশাসনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয়। উপস্থিত ছিলেন ফুরফুরা শরিফ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান তপন দাশগুপ্ত, মহকুমা শাসক শম্ভুদীপ সরকার, হুগলি জেলা পুলিশ সুপার (গ্রামীণ) কামনাশিস সেন, পিরজাদা কাশেম সিদ্দিকি প্রমুখ।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, প্রায় ১০ লক্ষ মানুষের সমাগমের সম্ভাবনা রয়েছে। এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। রমজান মাস থাকায় প্রশাসন সকল তীর্থযাত্রীর জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে। ইফতারের সময় তীর্থযাত্রীরা যেন সহজে রোজা ভাঙতে পারেন, তার জন্য পর্যাপ্ত শেড নির্মাণ করা হয়েছে। পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থাও থাকবে।
দিনের বেলায় রোজা পালন করা হবে বলে সন্ধ্যাবেলায় অতিরিক্ত ভিড়ের সম্ভাবনা রয়েছে। তাই এই তিনদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।
পাশাপাশি নজরদারির জন্য ড্রোন মনিটরিংয়ের ব্যবস্থাও থাকবে। ১২৮টি সিসি ক্যামেরা থাকছে। ২৪ ঘণ্টাই কন্ট্রোল রুম খোলা থাকবে। গাড়ি পার্কিংয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ১০০ জন বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মী মোতায়েন থাকবেন। ইসালে সওয়াব-২০২৬ উপলক্ষে ৫ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত বিশেষ বাস পরিষেবা চালু থাকবে। বারাসত, হাওড়া স্টেশন, শ্রীরামপুর স্টেশন ও বসিরহাট থেকে ফুরফুরা শরিফ পর্যন্ত বাস পাওয়া যাবে। এছাড়াও হরিপাল, সিঙ্গুর, বারুইপাড়া থেকে পর্যাপ্ত ট্রেকার ও অটো পাওয়া যাবে। এসপ্ল্যানেড ও সাঁতরাগাছি থেকেও প্রায় দুই ঘণ্টা পরপর সারাদিন বাস চলবে। আরামবাগ থেকেও ফুরফুরা শরিফ পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা বাদে বাস চলবে। এছাড়াও কাকদ্বীপ-ডায়মন্ড হারবার থেকেও বাস পরিষেবা থাকবে। জরুরি চিকিৎসার জন্য ১০-১২টি অ্যাম্বুলেন্স মোতায়েন থাকবে এবং ফুরফুরা স্টেট জেনারেল হাসপাতালে বাইক অ্যাম্বুলেন্স থাকবে। ৪৫০টি অস্থায়ী শৌচাগার স্থাপন করা হয়েছে।