নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ম্যানহোলে নামার পর বিষাক্ত গ্যাসের কবলে পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। আরও দুই শ্রমিক গুরুতর অসুস্থ। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের রামসীতা লেনে। মৃতের নাম শেখ মুস্তফা (৩৪)। তিনি বাটা মহেশতলায় থাকতেন।
জানা গিয়েছে, ম্যানহোলে নেমে ভূগর্ভস্থ নিকাশি নালা সাফাইয়ের কাজের দায়িত্বে কেএমডিএ। সেই কাজ করতে একটি ঠিকাদার সংস্থার শেখ মুস্তফা নামে এক কর্মী ম্যানহোলে নামেন। তিনি বিষাক্ত গ্যাসের কবলে প্রথমে পড়েন। মাটির নীচে অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে বেঁহুশ হয়ে পড়েন। তাঁর দুই সঙ্গী উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, মুস্তফাকে উদ্ধার করতে প্রথমে একজন নামেন। তিনি উঠে না আসায় অন্য কর্মী নীচে নামেন। তারপর তিনিও অসুস্থ হয়ে পড়েন। তবে দু’জন অসুস্থ অবস্থাতেই উঠে আসার চেষ্টা করতে থাকেন। একজন বেরিয়ে এসে আর একজনকে বাইরে বের করেও আনেন। কিন্তু মুস্তফাকে উদ্ধার করা সম্ভব হয়নি তাঁদের পক্ষে। এরপর ঘটনাস্থলে পৌঁছায় দমকল। কর্মীরা ম্যানহোল থেকে সংজ্ঞাহীন মুস্তফাকে তুলে আনেন। তিনজনকেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসকরা জানান, মুস্তফার মৃত্যু হয়েছে। বাকি দুই কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা বলেন, ‘মর্মান্তিক ঘটনা ঘটেছে। কিভাবে হল তা খতিয়ে দেখা হচ্ছে। কেএমডিএ’র কাজ চলছিল। এরা ঠিকাদার সংস্থার কর্মী।’