সংবাদদাতা, কল্যাণী: রাজ্যের একমাত্র সরকারি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ম্যাকাউটে বৃহস্পতিবার থেকে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকারা অনশনে বসলেন। হরিণঘাটায় থাকা মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব টেকনোলজি (ম্যাকাউট) ক্যাম্পাসে এদিন সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেন বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক ৮৯ জন শিক্ষক, শিক্ষিকা। তাঁদের দাবি, ষাট বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা দিতে হবে। প্রতিবছর ৩ শতাংশ করে বেতন বৃদ্ধির নিয়ম রয়েছে, অথচ সেটা তাঁদের দেওয়া হয় না। সেই নিয়ম বহাল রাখতে হবে। শুক্রবার থেকে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সেমেস্টারের পরীক্ষা শুরু হতে চলছে। শিক্ষকদের দাবি, আন্দোলনের কারণে পরীক্ষা ও পঠন-পাঠনে প্রভাব পড়ছে না। বর্তমানে ওই বিশ্ববিদ্যালয়ে প্রায় ৪৫টি বিভাগ চালু রয়েছে। ম্যাকাউটের অনশনকারী চুক্তিভিত্তিক অধ্যাপক সুশান্ত কয়াল বলেন, এই বিশ্ববিদ্যালয়ে ১৪০ জন চুক্তিভিত্তিক শিক্ষক ছিলেন। বর্তমানে রয়েছেন ৮৯ জন। বাকিরা পরিস্থিতির চাপে চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। আমাদের দাবি না মানা হলে আন্দোলন চলবে। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার পার্থপ্রতিম লাহিড়ী বলেন, স্থায়ী উপাচার্য নিয়োগ হওয়ার পর আশা করি সমস্যা মিটবে। আন্দোলনকারীদের প্রতি সহানুভূতি জানিয়ে অনুরোধ করব, তাঁরা যেন সেই কটাদিন ধৈর্য ধরেন।