ভোট আসন্ন, পুলিশের রিপোর্টে ‘দাগি’ চিহ্নিত কলকাতার ৮৩ দুষ্কৃতী
বর্তমান | ০৬ মার্চ ২০২৬
সুজিত ভৌমিক, কলকাতা: আসন্ন বিধানসভা ভোটে কলকাতা শহরে মোট ৮৩ জন দুষ্কৃতীকে ‘দাগি’ বা ‘ট্রাবল মঙ্গার’ হিসেবে চিহ্নিত করেছে লালবাজার। মূলত, ২০২১ এবং ২০২৪ সালে যথাক্রমে বিধানসভা ও লোকসভা ভোটকে কেন্দ্র করে হিংসাত্মক ঘটনার তথ্য-পরিসংখ্যান এবং পুলিশের চার্জশিটের ভিত্তিতে এদের তালিকা তৈরি করেছে পুলিশ। কলকাতা পুলিশের এক অভ্যন্তরীণ রিপোর্ট থেকে এই খবর জানা গিয়েছে।
রাজ্যে বিধানসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও শনিবার প্রথম পর্বের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। এবার বিধানসভা ভোটের অনেক আগে থেকেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম কড়াকড়ি শুরু করেছে নির্বাচন কমিশন। তাদের এই অবস্থানের কথা মাথায় রেখে গোটা কলকাতা শহরে আপাতত (২০ ফেব্রুয়ারি পর্যন্ত) ৮৩ জন দুষ্কৃতীকে ‘দাগি’ বলে চিহ্নিত করেছে লালবাজার।
কলকাতা পুলিশের ওই রিপোর্টে বলা হয়েছে, ‘কলকাতা ও বৃহত্তর কলকাতার এই ৮৩ জন দাগি দুষ্কৃতীর মধ্যে এখনও পর্যন্ত কলকাতা পুলিশ ৬৪ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পেরেছে। বাকি ১৯ জনের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হবে।’ লালবাজারের রিপোর্ট থেকে আরও জানা গিয়েছে, সবচেয়ে বেশি ‘দাগি’ দুষ্কৃতী চিহ্নিত হয়েছে কলকাতার বেহালা ডিভিশন এবং সাউথ-ইস্ট ডিভিশনে। এই দুই ডিভিশনে ১১ জন করে ‘দাগি’ চিহ্নিত হয়েছে। এরপরই রয়েছে বৃহত্তর কলকাতার ভাঙড় এবং ইস্ট ডিভিশন। এই দুই ডিভিশনে ১০ জন করে ‘দাগি’ চিহ্নিত হয়েছে। অতীত অভিজ্ঞতা থেকে কলকাতা পুলিশের এক সূত্র জানাচ্ছে, ‘ভোট যত এগিয়ে আসবে, দাগি দুষ্কৃতীদের তালিকা ততই লম্বা হবে।’
ভাঙড় সহ বৃহত্তর কলকাতায় বিধানসভা ভোটকে শান্তিপূর্ণ রাখতে লালবাজার ইতিমধ্যে নয়া একটি সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা পুলিশ এলাকায় বহুদিন ধরে পলাতক ‘দাগি’ দুষ্কৃতীদের বিরুদ্ধে হুলিয়া জারির পাশাপাশি তাদের সম্পত্তি ‘ক্রোক’ করার নির্দেশ দিয়েছে লালবাজার। বিধানসভা ভোটের মুখে কলকাতা শহরে দীর্ঘদিন অকার্যকর অবস্থায় পড়ে থাকা জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানার (এনবিডবলু) ক্ষেত্রে এই নির্দেশিকা জারি করা হয়েছে। ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে লালবাজার এ সংক্রান্ত একটি নির্দেশিকা কলকাতা পুলিশের সমস্ত ডিভিশনের ডিসি-কে পাঠিয়েছে। সূত্রের খবর, যার ভিত্তিতে ইতিমধ্যে আইনি পদক্ষেপ শুরুও করে দিয়েছে থানাগুলি।
কিছু দিনের মধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের বৈঠক হওয়ার কথা রয়েছে। তার আগে কলকাতার সব থানাকে তাদের এলাকার ‘দাগি’ দুষ্কৃতী এবং বিশেষ করে ভোটে হাঙ্গামা বাধানোর অভিযোগ রয়েছে, এমন দুষ্কৃতীদের বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬, ১২৭, ১২৮ এবং ১২৯ ধারায় উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছিল। সেই কাজ এখন শেষের দিকে বলেই খবর।