• ‘অপারেশন সিঁদুর’-এ জঙ্গি ঘাঁটি গুঁড়িয়েছিলেন, অসমে সুখোই ভেঙে মৃত্যু হলো সেই পাইলটের
    এই সময় | ০৬ মার্চ ২০২৬
  • সঙ্গে ছিল সুখোই। সেই যুদ্ধবিমান (Fighter Jet) নিয়েই ‘অপারেশন সিঁদুর’-এ (Operation Sindoor) পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিলেন। এমনই বীর ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুরাগকরের মৃত্যু হল দুর্ঘটনায়। শোকস্তব্ধ তাঁর পরিবার। অসমের কার্বি আংলং জেলায় বৃহস্পতিবার ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার সুখোই Su-30MKI যুদ্ধবিমান। প্রশিক্ষণ চলাকালীনই দুর্ঘটনাটি ঘটে বলে জানানো হয়েছে বায়ুসেনার তরফে। আর সেই দুর্ঘটনাতেই পূর্বেশ দুরাগকরের মৃত্যু হয়েছে। তাঁর সঙ্গে থাকা স্কোয়াড্রন লিডার অনুজেরও মৃত্যু হয়েছে।

    ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুরাগকর ছিলেন ভারতীয় বায়ুসেনার অন্যতম দক্ষ পাইলট। মহারাষ্ট্রের নাগপুরে বাড়ি তাঁর। পূর্বেশকে ‘অপারেশন সিঁদুর’-এ বড় দায়িত্ব দিয়েছিল ভারতীয় বায়ুসেনা। শুক্রবার এমনটাই জানা গিয়েছে।

    পূর্বেশের বাবা জানিয়েছেন, ‘আমরা প্রথমে জানতাম না ও ‘অপারেশন সিঁদুর’-এর সঙ্গে যুক্ত ছিল। ভারত-পাকিস্তান সংঘাত থামার ১৫দিন বাদে পুরো বিষয়টি জানি। ‘অপারেশন সিঁদুর’-এর সময়ে ওর কাছে কোনও ফোন ছিল না, আমাদের সঙ্গে কোনও যোগাযোগও ছিল না। ভারতীয় বায়ুসেনার সঙ্গে যুক্ত হয়ে নিজেকে গর্বিত মনে করত আমার ছেলে। ১০ দিন আগেই বাড়িতে এসেছিল। আমরা একসঙ্গে খাওয়া-দাওয়া করেছিলাম।’

    বৃহস্পতিবার অসমের জোড়হাট থেকে প্রশিক্ষণের জন্য উড়েছিল সুখোই যুদ্ধবিমানটি। তার পরেই যুদ্ধবিমানটির রেডারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। IAF তাদের X হ্যান্ডলে রাতেই বিমানের নিখোঁজ হওয়ার খবর জানিয়েছিল। শুক্রবার ভোরে জানানো হয় সুখোইটি ভেঙে পড়েছে। জোড়হাট বিমানঘাঁটি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কার্বি আংলংয়ের একটি পাহাড়ি এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার হয়।

  • Link to this news (এই সময়)