বোমা মেরে ভিক্টোরিয়া মেমোরিয়াল উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি। ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষের কাছে এই হুমকি আসার পরেই হেস্টিংস থানার সঙ্গে যোগাযোগ করেন তারা। সঙ্গে সঙ্গেই তদন্তে নেমেছে পুলিশ।
হুমকি চিঠি পাঠানো হয়েছিল বলে সূত্রের খবর। সূত্রের খবর, লালবাজার বম্ব স্কোয়াড ঘটনার তদন্ত করছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালে পৌঁছেছে একটি দল।
কয়েকদিন আগেই গোটা রাজ্যে একাধিক আদালতে বোমাতঙ্কের মেল আসে। তা পরে ভুয়ো বলে প্রমাণিত হয়েছিল। শুধু আদালতই নয়, রাজ্যের একাধিক পোস্ট অফিসেও পরপর হুমকি-চিঠি পাঠিয়ে বোমাতঙ্ক ছড়ানো হয়। সম্প্রতি কলকাতায় পাসপোর্ট অফিসেও বোমাতঙ্ক ছড়িয়েছিল। খালি করে দেওয়া হয় গোটা বিল্ডিং।
গত সোমবার একাধিক জেলায় একের পর এক ডাকঘরে বোমা হামলার হুমকি পাঠানো হয়েছিল। কৃষ্ণনগরের মুখ্য ডাকঘর, বর্ধমানের মুখ্য ডাকঘরে এমন হুমকি এসেছিল। ৬ মার্চ, মেদিনীপুর জেলা আদালতে বোমাতঙ্কের ঘটনা ঘটেছে। খবর শোনা মাত্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বম্ব স্কোয়াড। জানা যায়, শুক্রবার সকালে মেদিনীপুর শহরের জজকোর্ট এলাকায় অবস্থিত জেলা আদালতের ডিস্ট্রিক্ট জজের দপ্তরে একটি মেল আসে। তাতে বোমা বিস্ফোরণের হুঁশিয়ারি দেওয়া হয়। এরপরই আদালতের তরফে জানানো হয় পুলিশকে। সকাল ১১টা নাগাদ আদালতে পৌঁঁছয় কোতোয়ালি থানার পুলিশ। পরে বেলা ১২টা নাগাদ পৌঁছয় বম্ব স্কোয়াডও। মেটাল ডিটেক্টর, স্নিফার ডগ দিয়ে তন্ন তন্ন করে তল্লাশি চালিয়েও অবশ্য কিছু পাওয়া যায়নি।