বিধানসভা নির্বাচনের আগেই আরও কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে। দ্বিতীয় দফায় ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে রাজ্যে আনা হচ্ছে। এই বাহিনী ১০ মার্চের মধ্যে রাজ্যে পৌঁছবে বলে জানানো হয়েছে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, মোট ২৪০ কোম্পানির মধ্যে CRPF, BSF, CISF, ITBP, SSB- সবার বাহিনী রয়েছে।
রাজ্যের বিভিন্ন জেলায় ভোটের আবহে এরিয়া ডমিনেশন এবং ভোটারদের আস্থা বাড়াতে এই বাহিনী মোতায়েন করা হবে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, বিশেষ পর্যবেক্ষক এবং পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকের পরে বাহিনী মোতায়েনের চূড়ান্ত পরিকল্পনা তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। বিভিন্ন জেলায় ধাপে ধাপে এই বাহিনী পাঠানো হবে বলে জানানো হয়েছে।
রাজ্যে ভোটের আবহে মোট ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর কথা হয়েছিল। তার মধ্যে ২৪০ কোম্পানি বাহিনী ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় মোতায়েন হয়ে গিয়েছে।
দার্জিলিংয়ে ৬ কোম্পানি, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে ৩ কোম্পানি, কালিম্পংয়ে ৩ কোম্পানি, কোচবিহারে ৯ কোম্পানি, আলিপুরদুয়ারে হয়েছে ৫ কোম্পানি, জলপাইগুড়িতে ৭ কোম্পানি। এছাড়া, উত্তর দিনাজপুরের ইসলামপুর পুলিশ জেলায় এখন মোতায়েন হয়েছে ৫ কোম্পানি, রায়গঞ্জ পুলিশ জেলায় ৬ কোম্পানি। দক্ষিণ দিনাজপুরে ১০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। মালদায় ইতিমধ্যেই পৌঁছেছে ১২ কোম্পানি বাহিনী।
এছাড়া দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ থেকে শুরু করে হাওড়া, হুগলি ও কলকাতাতেও কোম্পানি মোতায়েন হয়েছে। বনগাঁ, বারাসত, ব্যারাকপুর, বিধানননগর থেকে শুরু করে বারুইপুর, ডায়মন্ড হারবার, সুন্দরবন পুলিশ জেলায়, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে একাধিক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। দ্বিতীয় দফায় গোটা রাজ্যের আরও কিছু জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।