• ডুয়ার্সের মৌলানিতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিঙে ধাক্কা মারল গাড়ি, মৃত ২ তরুণী, জখম ৫
    আজ তক | ০৬ মার্চ ২০২৬
  • উত্তরবঙ্গের জাতীয় সড়কে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা। বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি-লাটাগুড়ি ৭১৭ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল দুই তরুণীর। গুরুতর জখম হয়েছেন আরও পাঁচজন। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টা নাগাদ একটি ছোট যাত্রীবাহী গাড়ি সাতজন আরোহীকে নিয়ে ময়নাগুড়ি থেকে লাটাগুড়ির দিকে যাচ্ছিল। মৌলানি কালীর স্থান সংলগ্ন মৌলানি ওভারব্রিজে ওঠার সময় হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা আটকে পড়েন।

    খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ক্রান্তি ট্রাফিক পুলিশ, ক্রান্তি ফাঁড়ির পুলিশ এবং ময়নাগুড়ি দমকল কেন্দ্রের কর্মীরা। যৌথভাবে উদ্ধারকাজ চালিয়ে আহতদের দ্রুত জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা দুই তরুণীকে মৃত ঘোষণা করেন।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই তরুণী হলেন জলপাইগুড়ি শহরের বাসিন্দা পৌলোমী বাগচী (২৪) এবং কোচবিহার জেলার জামালদহ এলাকার বাসিন্দা খেয়ালী মণ্ডল (২৩)। দুর্ঘটনায় আহত বাকি পাঁচজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

    ঘটনার পর দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটক করেছে ক্রান্তি ফাঁড়ির পুলিশ। কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

     
  • Link to this news (আজ তক)