• জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে তৎপর তৃণমূল
    দৈনিক স্টেটসম্যান | ০৬ মার্চ ২০২৬
  • দলীয় সূত্রের খবর, দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের কলকাতা সফরের সময়েই লোকসভায় ইমপিচমেন্ট প্রস্তাবের নোটিস জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে তৃণমূলের। নিয়ম অনুয়ায়ী, লোকসভায় ইমপিচমেন্ট প্রস্তাব আনতে অন্তত ১০০ জন সাংসদের স্বাক্ষর প্রয়োজন। সেই লক্ষ্যে ইতিমধ্যেই বিরোধী শিবিরে সমর্থন জোগাড়ের কাজ শুরু হয়েছে। প্রয়োজনে রাজ্যসভায় ৫০ জন সাংসদের সই-সহ প্রস্তাব আনার বিকল্প পথও খুলে রাখা হয়েছে। তবে সংখ্যার নিরিখে লোকসভাকেই বেশি গুরুত্ব দিচ্ছে বাংলার শাসক দল।

    সূত্রের খবর, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার বিষয়ে তৃণমূল ইতিমধ্যেই কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে-সহ প্রথম সারির বিরোধী দলগুলির সঙ্গে একপ্রস্থ আলোচনা সেরে ফেলেছে। বাজেট অধিবেশনের প্রথম পর্বেই তৃণমূল জানিয়েছিল, অধিবশনের দ্বিতীয় পর্বে তারা জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনবে। সে সময় ঘাসফুল শিবিরকে প্রকাশ্যেই সমর্থনের বার্তা দিয়েছিল শিবসেনার উদ্ধব গোষ্ঠী ও সমাজবাদী পার্টি। কংগ্রেসও ঠারেঠোরে তৃণমূলকে সমর্থনের ইঙ্গিত দিয়েছিল।

    সূত্রের খবর, তৃণমূলের লোকসভার উপদলনেতা শতাব্দী রায় ইতিমধ্যেই চার নির্দল সাংসদের সঙ্গে কথা বলেছেন। ওই চার নির্দল সাংসদ জ্ঞানেশের বিরুদ্ধে আসতে চলা অনাস্থা প্রস্তাবকে সমর্থনের আশ্বাস দিয়েছেন তৃণমূল সাংসদকে। রাজনৈতিক মহল মনে করছে, জ্ঞানেশ কুমারের বঙ্গ সফরের মাঝেই দিল্লির রাজনীতিতে মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়ে চাপানউতোর বাড়তে পারে। কারণ, জ্ঞানেশ যখন কলকাতায় প্রশাসনিক বৈঠকে ব্যস্ত থাকবেন, সে সময়েই দিল্লিতে তাঁর ভূমিকা ও নিরপেক্ষতা নিয়ে চলবে রাজনৈতিক বিতর্ক।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)