দিন কয়েক আগেই হুমকি দেওয়া হয়েছিল এক গ্রাম পঞ্চায়েত প্রধানকে। তার পরেই গুলি করে খুন করা হয়েছে তাঁকে বলে অভিযোগ। ভরা বাজারে তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। শুক্রবার এই খুনের ঘটনা ঘটেছে পাঞ্জাবের (Punjab) মোগা জেলায়। আততায়ীদের কয়েক জনকে সনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে বলেও জানিয়েছেন আধিকারিকরা।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম হরবিন্দর সিং ওরফে হ্যাপি। আম আদমি পার্টির (AAP) এই নেতা ভগবানপুরা এলাকার পাট্টো গ্রাম পঞ্চায়েতের বর্তমান সরপঞ্চ (Sarpanch) বা প্রধান ছিলেন।
শুক্রবার সকালে নিজের গাড়িতে করে যাচ্ছিলেন হরবিন্দর সিং। তখনই, মোগার (Moga) কোটাকপুরা রোডে একটি পেট্রল পাম্পের কাছে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। একটি সাদা রঙের চার চাকা গাড়িতে এসেছিল দুষ্কৃতীরা বলে জানতে পেরেছে পুলিশ।
পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ নিজের গাড়িতে তাঁর জিমে (Gym) এসেছিলেন হরবিন্দর। গাড়ি থেকে বাইরে আসার সঙ্গে সঙ্গেই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। ভরা বাজারে গুলি চালানোর ঘটনায় হতচকিত হয়ে যান স্থানীয়রা। গুলি করেই সেখান থেকে পালিয়ে যায় আততীয়রা।
আশঙ্কাজনক অবস্থায়, স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে, নিয়ে আসেন হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হরবিন্দরের।
চার থেকে পাঁচ জন দুষ্কৃতী এসে গুলি চালায় বলেও জানা গিয়েছে। ঘটনার পরেই এলাকার সিসিটিভি ফুটেজ (CCTV foooage) খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা। আততায়ীদের মধ্যে কয়েক জনকে চিহ্নিত করা গিয়েছে বলে জানিয়েছেন পুলিশের এক আধিকারিক। তাদের ধরতে অভিযান শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ব্যক্তিগত কোনও শত্রুতার জেরেই এই খুনের ঘটনা ঘটেছে।
দিন কয়েক আগেই হুমকি দেওয়া হয়েছিল হরবিন্দর সিংকে বলেও জানতে পেরেছে পুলিশ। পুরো বিষয়টি তদন্ত (police investigation) করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন আধিকারিকরা।