সরকারি কর্মচারীদের DA দেওয়ার জন্য অতিরিক্ত সময় দেওয়া হোক, এমনই আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ পশ্চিমবঙ্গ সরকার। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছে রাজ্য সরকার। শীর্ষ আদালতে মডিফিকেশন আবেদন করেছে রাজ্য। ২৫ শতাংশ ডিএ এখন দেওয়া সম্ভব নয়, সুপ্রিম কোর্টে করা নতুন আবেদনে এমনটাই জানিয়েছে রাজ্য সরকার।
এর আগে ৫ ফেব্রুয়ারি ডিএ মামলায় রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেখানে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছিল ডিএ বা মহার্ঘ ভাতা পাওয়া সরকারি কর্মীদের আইনি অধিকার। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটাতে একটি কমিটি গঠনের নির্দেশও দিয়েছিল শীর্ষ আদালত। বিলম্ব না করে ২৫ শতাংশ ডিএ মেটানোর নির্দেশও দিয়েছিল সুপ্রিম কোর্ট।
২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের যে বকেয়া ডিএ রয়েছে, তার ২৫ শতাংশ মেটানোর নির্দেশ দেওয়া হয়েছিল। সেই সংক্রান্ত সিদ্ধান্ত নিতে যে কমিটি গঠনরে কথা বলা হয়েছিল, তার মাথায় অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রা থাকবেন বলেও জানানো হয়েছিল। প্রথম কিস্তির টাকা ৩১ মার্চের মধ্যে দিয়ে দিতে হবে বলেও জানিয়েছিল সুপ্রিম কোর্ট।
ওই নির্দেশের সপ্তাহখানেক পরেও ডিএ-র টাকা না পাওয়ায় ফের পদক্ষেপ করেছিলেন ডিএ মামলাকারীরা। রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্যের অর্থসচিব প্রভাতকুমার মিশ্রকে আদালত অবমাননার নোটিস পাঠানো হয়েছিল। পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করেছিল রাজ্যের সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ।
মামলা দায়েরের পাশাপাশি রাস্তাতে নেমেও প্রতিবাদ কর্মসূচি নিয়েছিলেন মামলাকারীরা। ২৬ ফেব্রুয়ারি ‘কালীঘাট অভিযান’-এর ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। এই আবহে সুপ্রিম কোর্টে সময় চেয়ে নতুন আবেদন করল রাজ্য।