• দোলের দিন বচসার জের, রাতের মধ্যমগ্রামে বাইকে এসে শুট আউট
    এই সময় | ০৭ মার্চ ২০২৬
  • মধ্যমগ্রামে চললো গুলি। শুক্রবার রাতে মধ্যমগ্রামের বিপিনবিহারী স্কুলের কাছে কিশোর সঙ্ঘ ক্লাবের সামনে এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। এখনও পর্যন্ত হতাহতে কোনও মেলেনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ ছড়িয়েছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রং খেলাকে কেন্দ্র করে একটি গোলমাল হয়েছিল মধ্যমগ্রাম কোড়া আদর্শ পল্লির বিপিনবিহারী হাই স্কুলের কাছে। সেই বিবাদের জের টেনে শুক্রবার রাতে গুলি চালানো হয় বলে অভিযোগ। স্থানীয় এক বাসিন্দা সায়ন পাত্রের বাড়িতে তাঁর কয়েকজন পরিচিত রং খেলতে এসেছিলেন দোলের দিন। তাঁদের সঙ্গে ওই এলাকার একটি ক্লাবের কয়েকজন সদস্যের বচসা হয়েছিল। সেই বচসার জেরে এ দিন গুলি চলে বলে অভিযোগ।

    স্থানীয় বাসিন্দাদের কয়েকজনের অভিযোগ, এ দিন রাতে বাইকে করে সায়ন পাত্রের ওই বন্ধুদের মধ্যে কয়েকজন এসে শূন্যে গুলি চালিয়ে ভয় দেখায়। সেই আওয়াজ শুনে এলাকার লোকজন বেরিয়ে এলে তারা পালিয়ে যায়। উত্তেজিত সাধারণ বাসিন্দারা, সায়ন পাত্রের বাড়িতে গিয়ে ইট পাটকেল ছুড়তে শুরু করেন বলে অভিযোগ। বাড়িও ভাঙচুর করা হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। সায়ন পাত্র এই মুহুর্তে পলাতক। ঘটনাস্থলে পৌঁছেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। শুক্রবার রাত পর্যন্ত কাউকে আটক বা কোনও গ্রেপ্তারির খবর নেই।

  • Link to this news (এই সময়)