• চূড়ান্ত তালিকায় নাম নেই, বৃদ্ধার মৃত্যুতে SIR-কে দুষছে পরিবার
    এই সময় | ০৭ মার্চ ২০২৬
  • SIR-এর চূড়ান্ত তালিকায় নাম বাদ যাওয়ার চিন্তায় অসুস্থ হয়ে মৃত্যুর অভিযোগ উঠল নদিয়ার কল্যাণীতে। মৃত বৃদ্ধা এতোয়ারি মাহাতো, বয়স ৬৮। কল্যাণীর চর যাত্রা সিদ্ধি এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরেই কল্যাণীতে বসবাস করছিলেন তিনি। ২০০৯ সালের নির্বাচনে তিনি ভোটও দিয়েছিলেন। এ বারও ভোটার কার্ড, আধার কার্ড সবকিছু থাকা সত্ত্বেও এ বারের চূড়ান্ত তালিকায় তাঁর নাম বাদ যায়। তার পর থেকেই আতঙ্কে ছিলেন তিনি।

    পরিবারের দাবি, নাম বাদ গিয়েছে জানতে পেরেই তিনি বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁর বাড়ির লোকেরা রাতেই কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যান। পরে বৃদ্ধার অবস্থার আরও অবনতি হয়, পরে তাঁকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তারেরা। গোটা ঘটনায় নির্বাচন কমিশন ও বিজেপিকে দায়ী করেছে পরিবার। মৃতার বড়ছেলে কালাচাঁদ মাহাতো বলেন, শুধু মায়ের নাম নয়, আমার এবং আমার স্ত্রীর নাম নেই। আমার ছেলের নামও বাদ দিয়েছে। তাঁর দাবি, তাঁর গ্রামের ৩০০-৪০০ জন ভোটারের নাম বাদ গিয়েছে। তাঁরা প্রত্যেকেই বৈধ ভোটার এবং আগের নির্বাচনে ভোট দিয়েছেন বলে দাবি করেছেন কালাচাঁদ। মাহাতো পরিবার আদতে বিহারের বাসিন্দা। পরে রোজগারের কারণে বাংলায় চলে আসেন। তখন থেকে কল্যাণীতেই থাকছেন তাঁরা।

    নদিয়া দক্ষিণ জেলার তৃণমূলের সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায় বলেন, ‘এ ভাবেই একের পর এক প্রাণ SIR-এর কারণে চলে যাচ্ছে। আমরা সাধ্যমত সকলের পাশে থাকছি। আমাদের মুখ্যমন্ত্রী কলকাতার ধর্না মঞ্চে বসে লড়াই করছেন।’ অন্যদিকে বিজেপির মিডিয়া কনভেনার সোমনাথ করের দাবি, ‘এই সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। যে কোনও মৃত্যু হলেই SIR প্রক্রিয়ার সঙ্গে সেটাকে জড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে রাজ্যের শাসক দল।’

  • Link to this news (এই সময়)