• ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমাতঙ্ক
    আজকাল | ০৭ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমাতঙ্ক। জানা গিয়েছে, বিস্ফোরণের হুমকি দিয়ে সেখানকার কর্তৃপক্ষের কাছে ইমেল পাঠানো হয়েছে। এমনটাই অভিযোগ। কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করেছেন। বম্ব স্কোয়াড বিষয়টি খতিয়ে দেখছে। তল্লাশি চলছে।

    প্রসঙ্গত, গত সপ্তাহে কলকাতা এবং জেলার একাধিক জায়গায় বোমা বিস্ফোরণের হুমকি ইমেল গিয়েছে। কলকাতা পুলিশের এসটিএফ বিষয়টির তদন্তভার হাতে নেয়। কিন্তু এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। কোথা থেকে ইমেল পাঠানো হচ্ছে, তা–ও স্পষ্ট নয়। এর মধ্যে ফের কলকাতায় বোমাতঙ্ক ছড়াল। এবার ঘটনাস্থল ভিক্টোরিয়া মেমোরিয়াল। জানা গিয়েছে, শুক্রবার হেস্টিংস থানায় ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ হুমকিবার্তার অভিযোগ জানান। তারপরেই পুলিশ তৎপর হয়। লালবাজার থেকে ভিক্টোরিয়ায় পাঠানো হয় বম্ব স্কোয়াড। চত্বর খালি করে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

    এটা ঘটনা, কলকাতার পাশাপাশি একাধিক জেলাতেও গত কয়েক দিনে একাধিকবার হুমকি ইমেল গিয়েছে। বিশেষত পোস্ট অফিসগুলিতে অবস্থিত পাসপোর্ট দপ্তরে ওই ইমেল পাঠানো হচ্ছে। তবে এখনও পর্যন্ত আসা সব হুমকিই ভুয়ো। যদিও প্রতিটি হুমকিবার্তাকে গুরুত্ব দিয়ে দেখছেন কর্তৃপক্ষ। ঝুঁকি না নিয়ে এলাকা ফাঁকা করে নির্দিষ্ট পদ্ধতি মেনে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। বোমার খোঁজে চলছে চিরুনিতল্লাশি। তাতে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। বিঘ্নিত হচ্ছে পরিষেবা।

    প্রসঙ্গত, ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। প্রতিদিন বহু মানুষ সেখানকার সংগ্রহশালা দেখতে যান। এমনকি, থাকেন অনেক বিদেশি পর্যটকও। কলকাতার আকর্ষণের কেন্দ্রে রয়েছে এই ভিক্টোরিয়া। সেখানে বোমাতঙ্ক শহরে চাঞ্চল্য তৈরি করেছে। 
  • Link to this news (আজকাল)