• পুলিশি তৎপরতায় অস্ত্র-সহ গ্রেপ্তার দুই দুষ্কৃতী
    আজকাল | ০৭ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: কলকাতা শহরে দুষ্কৃতীদের দৌরাত্ম্য রুখতে পুলিশের এসটিএফ- এর অভিযানে আবারও উদ্ধার হল একাধিক আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ। শহরে বেআইনি অস্ত্রের কারবার রুখতে ফের বড়সড় সাফল্য পেল পুলিশ। 

    গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দেশি আগ্নেয়াস্ত্র ও জীবন্ত কার্তুজ।

    পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ মার্চ রাত প্রায় ৯টা নাগাদ অভিযান চালিয়ে মোহাম্মদ আকবর ওরফে কালো (৩২) নামে এক ব্যক্তিকে জোড়াসাঁকো থানার অন্তর্গত রাম প্রসাদ সাহা লেন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতের বাড়ি তিলজলা থানা এলাকায়। 

    পুলিশ সূত্রে আরও খবর, তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি দেশি একনলা আগ্নেয়াস্ত্র এবং একটি জীবন্ত কার্তুজ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই অস্ত্রটি অন্যান্য দুষ্কৃতীদের কাছে বিক্রি করার উদ্দেশ্যেই তিনি এলাকায় এসেছিলেন। এই ঘটনায় জোড়াসাঁকো থানায় মামলা রুজু করা হয়েছে। ধারা ২৫(১)(এ)/২৯ আর্মস অ্যাক্ট অনুযায়ী মামলা রুজু হয়েছে।

    অন্যদিকে, একই দিনে রাত প্রায় ৮টা ৪০ মিনিট নাগাদ আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম কৃষ্ণ কুমার ছেত্রী ওরফে কালু (kailo) (৪২)। তার বাড়ি ওয়াটগঞ্জ স্ট্রিট এলাকায়। তার কাছ থেকেও একটি সিঙ্গেল শট আগ্নেয়াস্ত্র এবং একটি কার্তুজ উদ্ধার হয়েছে। এই ঘটনায় হেস্টিংস থানায় মামলা দায়ের হয়েছে। ধারা ২৫(১)(এ)/২৯ আর্মস অ্যাক্ট অনুযায়ী একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে।

    পুলিশের এআরএস ডিডি (ARS DD)-এর তৎপরতায় এই দুই অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং দুষ্কৃতীদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বেআইনি অস্ত্র চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
  • Link to this news (আজকাল)